ইয়েস ব্যাঙ্কে ডুবে গেছে রাজ্যের ১৩০৭ কোটি টাকা

Author
ওয়েবডেস্ক

Bengal Deposited Rs. 1307 Cr in Yes Bank

প্রকাশ: ০৯-মার্চ-২০২০

সরকারি লেনদেনের আওতায় ইয়েস ব্যাঙ্ককে আনার আগেই সেখানে টাকা রেখেছিল রাজ্যের তৃণমূল সরকার। এবং তা মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার চার মাসের মধ্যেই।

অভিযোগ জোরালো হয়েছে, এই বেসরকারি ব্যাঙ্কটি মমতা ব্যানার্জি সরকারের প্রভূত বদান্যতা পেয়েছে।

রাজ্যে কৃষকদের ধান কেনার টাকাও গচ্ছিত ছিল মুখ থুবড়ে পড়া ইয়েস ব্যাঙ্কে। তার পরিমাণ প্রায় ৪২ কোটি টাকা। যদিও রাজ্যের অর্থ দপ্তর সূত্রে জানা যাচ্ছে, রাজ্যে ইয়েস ব্যাঙ্কের ২৬টি শাখা এবং ৩৬টি এটিএম কাউন্টারের একটিও গ্রামাঞ্চলে নেই। রাজ্যের গ্রামগুলিতে ইয়েস ব্যাঙ্ক এক টাকাও ঋণ দেয়নি। পশ্চিমবঙ্গে এই বেসরকারি ব্যাঙ্কটি আমানত জুটিয়েছে ৬৭৮২কোটি টাকা প্রায়। তার মধ্যে রাজ্যে ব্যাঙ্কটির পক্ষ থেকে ঋণ দেওয়া হয়েছে ৫৪৭৫ কোটি টাকা। তার মধ্যে মহানগরের বাসিন্দারা পেয়েছেন ৫২৭৯ কোটি টাকা। ১৯৫কোটি টাকা পেয়েছে মহানগর ছাড়া অন্যান্য শহরের লোক। পড়ে থাকে মাত্র ১ কোটি টাকা। তা পেয়েছে মফঃস্বল (সেমি আরবান)’র বাসিন্দারা। গ্রামবাসীরা আজ পর্যন্ত কোনও ঋণ পাননি ইয়েস ব্যাঙ্ক থেকে।

তবু রাজ্য সরকার নানাভাবে এই বেসরকারি ব্যাঙ্কটিকে সহায়তা করেছে ব্যবসা বাড়ানোর জন্য।

পাটিগণিতের হিসাব বলছে, আমানত সংগ্রহ এবং দেওয়া ঋণ — এর মাঝে ইয়েস ব্যাঙ্কে গচ্ছিত রয়ে গেছে রাজ্যবাসীর প্রায় ১৩০৭ কোটি টাকা। এই ব্যাঙ্ক ডুবে যাওয়ার পর আশঙ্কা এই টাকা ফেরত পাওয়া নিয়ে। কিন্তু ইয়েস ব্যাঙ্ককে রাজ্যে আমানত সংগ্রহে সহযোগিতা করা তৃণমূল কংগ্রেস সরকারের কোনও বক্তব্যই মিলছে না বেসরকারি ব্যাঙ্কটি মুখ থুবড়ে পড়ার পর।

রাজ্যে ইয়েস ব্যাঙ্কের সঙ্গে সরকারের সখ্য শুরু মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে। ২০১১’র ৯ জুলাই বিবাদী বাগে ইয়েস ব্যাঙ্কের শাখা উদ্বোধন করেছিলেন অর্থ মন্ত্রী অমিত মিত্র। তারপরে সরকারি টাকা ওই ব্যাঙ্কে জমা রাখা। সেই টাকা ছিল রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য নির্ধারিত টাকা। তৃণমূল কংগ্রেস সরকারের স্বনির্ভর গোষ্ঠী বিষয়ক দপ্তরের মন্ত্রী শান্তিরাম মাহাতো। ২০১১’র ৪ নভেম্বর এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল মন্ত্রীকে। সেদিন ছিল শুক্রবার। শান্তিরাম মাহাতো বলেছিলেন,‘‘ওই ব্যাঙ্কটি বেশি সুদ দিচ্ছে, তাই সেখানে টাকা রাখা হয়েছে।’’ রাজ্যের অর্থ দপ্তরের নথি জানাচ্ছে, ওই ব্যাঙ্কটির কলকাতার একটি শাখায় টাকা রেখেছিল স্বনির্ভর গোষ্ঠী দপ্তরের অন্তর্গত ওয়েস্ট বেঙ্গল স্বরোজগার করপোরেশন লিমিটেড। টাকার পরিমাণ ছিল ১ কোটি। ইয়েস ব্যাঙ্কের থেকে ওই টাকা রাখার জন্য যে রশিদ সরকার পেয়েছিল তা জানাচ্ছে, ২০১১’র ৩০ আগস্ট ওই টাকা এক বছরের জন্য ফিকসড ডিপোজিট করা হয়েছিল। বামফ্রন্ট সরকারের সময়কাল পর্যন্ত প্রায় ১০০ কোটি টাকা গচ্ছিত ছিল নিগমে। তার মধ্যে প্রায় ৪৫ কোটি টাকা বামফ্রন্টের সরকার বিভিন্ন সময়ে টাকা রাখে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এলাহাবাদ ব্যাঙ্ক, ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাঙ্কের মত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে। কিন্তু কখনোই স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য নির্দ্ধারিত টাকা বেসরকারি ব্যাঙ্কে রাখা হয়নি।

মমতা ব্যানার্জির শাসনে রাজ্যে বিপজ্জনক বেসরকারি ব্যাঙ্কগুলিকে ঢালাও সরকারি টাকা লেনদেনে যুক্ত করা হয়েছে। সেই তালিকায় ইয়েস ব্যাঙ্কও আছে। রাজ্যের সরকারি টাকা লেনদেনে ইয়েস ব্যাঙ্ক অবশ্য যুক্ত হয়েছে ২০১৬’তে। কেন্দ্রে তখন নরেন্দ্র মোদীর প্রথম সরকার।

আপনার মতামত

এই লেখাটি সম্বন্ধে আপনার কেমন লাগলো আপনার মতামত জানতে আমরা আগ্রহী।
আপনার মতামত টি, সম্পাদকীয় বিভাগের অনুমতিক্রমে, পূর্ণ রূপে অথবা সম্পাদিত আকারে, আপনার নাম সহ এখানে প্রকাশিত হতে পারে।

This Is CAPTCHA Image

শেষ এডিট:: 09-Mar-20 10:32 | by 4
Permalink: https://cpimwestbengal.org/bengal-deposited-rs-1307-cr-in-yes-bank
Categories: Current Affairs
Tags: crony capitalism, indian economy, tmcgovtwb, yes bank crisis
শেয়ার:
সেভ পিডিএফ:



লেখক/কিওয়ার্ড