অন্তরের রাম, মনের মানুষ ও ক্ষমতার রাজনীতি

Author
শমীক লাহিড়ী

কবীর, লালন ও রবীন্দ্রনাথের এই মানবিক ও আধ্যাত্মিক ভাবনার সঙ্গে আরএসএস-বিজেপির হিন্দুত্ববাদী রাজনৈতিক ভাষ্যে ব্যবহৃত রামের পার্থক্য এখানেই স্পষ্ট হয়ে যায়। হিন্দুত্ববাদী মতাদর্শে রাম কেবল ভক্তির বিষয় নন; তিনি হিন্দু সভ্যতাগত পরিচয় ও সাংস্কৃতিক জাতীয়তাবাদের এক গুরুত্বপূর্ণ প্রতীক।

The Ram of the heart the person of the mind and the politics of power

“এক রাম দশরথ কা বেটা,
এক রাম ঘট-ঘট মে বৈঠা,
এক রাম কা সকল পসারা,
এক রাম ত্রিভুবন সে ন্যারা।”

কবীরের নামে প্রচলিত এই দোহাটির অর্থ - এক রাম দশরথের পুত্র, এক রাম বিরাজ করেন প্রতিটি প্রাণের অন্তরে; এক রাম সমগ্র সৃষ্টিজগতে ব্যাপ্ত, আর এক রাম তিন ভুবনের অতীত, নিরাকার ও অসীম। এই চার রামের মধ্যে দিয়ে কবীর রামের একাধিক দার্শনিক অর্থের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাঁর কাছে রাম কেবল মহাকাব্যের এক চরিত্র নন; তিনি মানুষের অন্তরের সত্য, সমগ্র সৃষ্টির মধ্যে প্রবাহিত এক সর্বব্যাপী পরমতত্ত্ব।

“তোমায় হৃদমাঝারে রাখিব, ছেড়ে দেব না” - বাংলার এই লোকসংগীত ও বাউল ভাবধারায় প্রচলিত এই আকুল উচ্চারণেও যেন একই অন্তরসন্ধানের সুর শোনা যায়। কবীর যেমন রামকে প্রতিটি প্রাণের অন্তরে খুঁজেছেন, তেমনই বাউল দর্শনও ঈশ্বরকে মন্দির বা মসজিদের গণ্ডিতে আবদ্ধ না রেখে মানুষের নিজের দেহ ও হৃদয়ের মধ্যে অনুসন্ধান করতে শিখিয়েছে।



                     

লালন সাঁইয়ের বিখ্যাত গান - “খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়”, এই অন্তর্লীন রহস্যেরই এক অপূর্ব প্রকাশ। বাউলদের কাছে মানবদেহ কেবল জৈব অস্তিত্ব নয়, আত্মঅনুসন্ধানের ক্ষেত্র; মানুষের অন্তরই পরম সত্যকে উপলব্ধি করার জায়গা। তাঁদের মনের মানুষ কোনও দূরবর্তী, ভীতিপ্রদ শাসক নন; তিনি মানুষের সবচেয়ে কাছের এক অধরা সত্তা, যাঁকে খুঁজে পেতে প্রয়োজন আত্মজিজ্ঞাসা, প্রেম ও অন্তরের শুদ্ধতা।

কবীরের দোহায় উল্লিখিত তৃতীয় রাম হলেন সেই সর্বব্যাপী সত্তা, যাঁর মধ্যে সমগ্র সৃষ্টি পরিব্যাপ্ত -  জগতের কণা-কণায় যাঁর প্রকাশ। আর চতুর্থ রাম হলেন নির্গুণ ব্রহ্ম, যিনি স্বর্গ, মর্ত্য, পাতাল, সমস্ত জাগতিক সীমা ও বন্ধনের ঊর্ধ্বে। তিনি নিরাকার, অনন্ত ও অনন্য। কবীরের নির্গুণ ভক্তিধারায় এই পরমতত্ত্বকে কোনও নির্দিষ্ট মূর্তি, স্থান বা ধর্মীয় পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ করা যায় না। তাঁর সাধনার কেন্দ্রে রয়েছে আত্মোপলব্ধি, প্রেম, সত্য এবং মানুষের প্রতি মানবিক আচরণ।

এখানে দশরথপুত্র রাম ও কবীরের নির্গুণ রামের পার্থক্য বোঝা জরুরি। রামায়ণের আখ্যানের দশরথপুত্র রাম সাকার, মানবীয় এবং নির্দিষ্ট কাহিনি ও সময়ের সঙ্গে যুক্ত। তিনি আদর্শ মানুষ, পুত্র ও রাজা হিসেবে মর্যাদা, কর্তব্য এবং নৈতিক শাসনের প্রতীক। অন্যদিকে, কবীরের আরাধ্য রাম নিরাকার, সর্বব্যাপী ও জন্ম-মৃত্যুর অতীত পরম সত্য। একজনকে মহাকাব্যের কাহিনি ও মূর্তির মাধ্যমে উপলব্ধি করা যায়; অন্যজনের সন্ধান কবীরের মতে নিজের অন্তরে, প্রকৃতির মধ্যে এবং আত্মজিজ্ঞাসার মধ্য দিয়ে। এই দুই ধারণার ধর্মীয় ও দার্শনিক তাৎপর্য আলাদা হলেও, মানুষের কাছে রাম নামের বহুমাত্রিক অর্থ বোঝার জন্য উভয়কেই জানা প্রয়োজন।

কবীরের নামে প্রচলিত আর একটি দোহা দীপাবলির অন্তর্নিহিত অর্থ বুঝতে সাহায্য করে—

“সদা দিওয়ালি সন্ত কী,
বারহ মাস বসন্ত।
প্রেম রং জিন পর চঢ়ে,
উনকে রং অনন্ত।”



                     

অর্থাৎ, প্রকৃত সন্তের জীবনে সর্বদাই দীপাবলি, বারো মাসই বসন্ত; যাঁদের অন্তরে প্রেমের রং লেগেছে, তাঁদের আনন্দ ও উপলব্ধির রং অসীম। কবীর বাহ্যিক আচারকে প্রকৃত সাধনার বিকল্প বলে মনে করেননি। তাঁর ভাবনায় মাটির প্রদীপের চেয়েও গুরুত্বপূর্ণ জ্ঞানের আলো; ঘরের বাইরে আলো জ্বালানোর পাশাপাশি মানুষের অন্তর থেকে অহংকার, লোভ, ক্রোধ ও অজ্ঞতার অন্ধকার দূর করাই প্রকৃত আলোর উৎসব। তবে এর অর্থ এই নয় যে তিনি সব উৎসবকেই অস্বীকার করেছেন; তাঁর সমালোচনার লক্ষ্য ছিল অন্তরের উপলব্ধিহীন নিছক আচারসর্বস্বতা।

কবীরের এই ‘বারো মাস বসন্ত’-এর সঙ্গে কবি সুভাষ মুখোপাধ্যায়ের “ফুল ফুটুক না ফুটুক / আজ বসন্ত” পঙ্‌ক্তির সুন্দর ভাবগত মিল খুঁজে পাওয়া যায়। এখানে কোনও প্রত্যক্ষ প্রভাবের দাবি নয়, বরং দুই কবির ভাবনার মধ্যে অন্তর্নিহিত এক সাদৃশ্যের কথা বলা হচ্ছে। সুভাষ মুখোপাধ্যায়ের কবিতায় বাহ্যিক প্রতিকূলতার মধ্যেও মানুষের প্রাণশক্তি, আশা ও জাগরণের জয় প্রকাশিত হয়েছে। কবীরের কাছে বসন্ত বা দীপাবলি আত্মিক মুক্তি ও প্রেমের প্রতীক; তা কোনও নির্দিষ্ট ঋতু, তিথি বা বাহ্যিক আয়োজনের ওপর নির্ভরশীল নয়। দুই ভাবনাতেই আনন্দ ও পরিবর্তনের জন্য বাইরের কোনও রীতি-আচারেরর অপেক্ষা না করে নিজের ভিতরের শক্তিকে জাগিয়ে তোলার আহ্বান রয়েছে।

এই অন্তরসন্ধানের ধারণা ভারতীয় দর্শনের বাইরেও নানা ঐতিহ্যে বিভিন্নভাবে প্রকাশিত হয়েছে। অদ্বৈত বেদান্তে ব্রহ্ম হলেন নিরাকার, অপরিবর্তনীয় ও সর্বব্যাপী পরম সত্য; আর শক্তির ধারণায় বিশ্বপ্রকৃতির গতিশীল প্রকাশের কথা বলা হয়। ‘তাওবাদ’ চিনের প্রাচীন দার্শনিক ও ধর্মীয় ঐতিহ্য। লাওৎসে এই ধারার প্রধান প্রবর্তক হিসেবে পরিচিত। ‘তাও’ অর্থ পথ - বিশ্বজগতের স্বাভাবিক প্রবাহ ও অন্তর্নিহিত নিয়মের সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনযাপনের দর্শন। তাওবাদের ‘উ ওয়েই’ ধারণা অপ্রয়োজনীয় জবরদস্তি না করে প্রকৃতির স্বাভাবিক গতির সঙ্গে চলার কথা বলে।

আবার কবীরের সাধনাপরম্পরায় ‘শব্দ’ বা ‘অনাহত নাদ’ অন্তর্জগতের এক সূক্ষ্ম আধ্যাত্মিক উপলব্ধির প্রতীক। ছট্‌পূজার মতো কিছু উপাসনাপদ্ধতিতে মূর্তির পরিবর্তে সূর্য ও প্রকৃতির প্রত্যক্ষ আরাধনাও দেখা যায়। তবে ব্রহ্ম, শক্তি, তাও এবং অনাহত নাদ একে অপরের সমার্থক নয়; প্রত্যেকের নিজস্ব দার্শনিক প্রেক্ষাপট রয়েছে। নিরাকার বা সর্বব্যাপী সত্যের অনুসন্ধান নিয়ে তুলনামূলক আলোচনাতেই তাদের যোগসূত্র খোঁজা যায়।

লালন সাঁইয়ের ‘মনের মানুষ’ এবং কবীরের নির্গুণ রামের মধ্যেও এমন এক ভাবগত সাদৃশ্য রয়েছে। তাঁদের ঐতিহাসিক পরিসর, সাধনাপদ্ধতি ও ভাষা এক নয়; কিন্তু দুজনেই মানুষকে নিজের ভিতরে তাকাতে শিখিয়েছেন। জাতপাত, ধর্মীয় পরিচয় ও সামাজিক উচ্চ-নীচের বিভাজন অতিক্রম করে মানুষকে মানুষ হিসেবে চেনার আহ্বান তাঁদের সাধনার গুরুত্বপূর্ণ অংশ। এই মানবিক অন্তর্দৃষ্টির আর একটা শক্তিশালী প্রকাশ পাওয়া যায় রবীন্দ্রনাথ ঠাকুরের ঈশ্বরভাবনায়।

গীতাঞ্জলির একাদশ কবিতায় রবীন্দ্রনাথ লিখেছেন -

“ভজন পূজন সাধন আরাধনা
সমস্ত থাক্‌ পড়ে
রুদ্ধদ্বারে দেবালয়ের কোণে
কেন আছিস্‌ ওরে?

অন্ধকারে লুকিয়ে আপন মনে
কাহারে তুই পূজিস্‌ সঙ্গোপনে,
নয়ন মেলে দেখ্‌, দেখি তুই চেয়ে
দেবতা নাই ঘরে।

তিনি গেছেন যেথায় মাটি ভেঙে
করছে চাষা চাষ,
পাথর ভেঙে কাটছে যেথায় পথ
খাটছে বারো মাস।

রৌদ্রে জলে আছেন সবার সাথে,
ধূলা তাঁহার লেগেছে দুই হাতে;
তাঁরি মতন শুচি বসন ছাড়ি
আয়রে ধূলার পরে।”


                   

এই কবিতায় রবীন্দ্রনাথ সাধককে মন্দিরের রুদ্ধদ্বার ছেড়ে সেই চাষি ও পাথরভাঙা শ্রমিকের কাছে যেতে বলেছেন, যাঁদের সঙ্গে ঈশ্বর রোদে-জলে, ধুলোয় মিশে কাজ করছেন। কবি বাহ্যিক আচারকে অপমান করেননি; কিন্তু তিনি দেখিয়েছেন, মানুষের জীবন ও শ্রম থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিভৃতে উপাসনার মধ্যে প্রকৃত মুক্তি পাওয়া যায় না। তাঁর ভাষায়, কথায়, মানুষের কর্ম, শ্রম ও জীবনসংগ্রামের সঙ্গে একাত্ম হওয়ার মধ্যেই ঈশ্বর-উপলব্ধির পথ রয়েছে।

কবীর, লালন ও রবীন্দ্রনাথের এই মানবিক ও আধ্যাত্মিক ভাবনার সঙ্গে আরএসএস-বিজেপির হিন্দুত্ববাদী রাজনৈতিক ভাষ্যে ব্যবহৃত রামের পার্থক্য এখানেই স্পষ্ট হয়ে যায়। হিন্দুত্ববাদী মতাদর্শে রাম কেবল ভক্তির বিষয় নন; তিনি হিন্দু সভ্যতাগত পরিচয় ও সাংস্কৃতিক জাতীয়তাবাদের এক গুরুত্বপূর্ণ প্রতীক। সাভারকরের হিন্দুত্বের ধারণায় ভারতীয় জাতিসত্তাকে হিন্দু সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে যুক্ত করা হয়েছে; পরবর্তী সময়ে আরএসএস এই ধারণাকে সংগঠিত রাজনৈতিক-সামাজিক আদর্শে রূপ দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।

অযোধ্যার রামমন্দির আন্দোলন এই রাজনৈতিক ব্যবহারের উল্লেখযোগ্য দৃষ্টান্ত। ১৯৮৯ সালের পালামপুর প্রস্তাব, ১৯৯০ সালের আদবানির রথযাত্রা এবং ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা ভারতীয় রাজনীতিতে গভীর প্রভাব ফেলেছিল। এর পরবর্তী সাম্প্রদায়িক হিংসা দেশের সামাজিক সম্প্রীতিতে গভীর ক্ষত তৈরি করে।

এখানে সমালোচনার বিষয়; রামমন্দিরে কারও বিশ্বাস আছে কী নেই কিংবা রামের প্রতি ব্যক্তিগত ভক্তিও আছে কী নেই, সেটা নয়। প্রশ্ন হল, একটা ধর্মীয় প্রতীক যখন নাগরিকদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘুর বিভাজন তৈরি করার রাজনৈতিক হাতিয়ার হয়ে ওঠে, তখন তার পরিণতি কী? রামের নাম করে মানুষকে ধর্মের ভিত্তিতে ভাগ করা, সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানো কিংবা নির্বাচনী মেরুকরণের জন্য ধর্মীয় আবেগকে ব্যবহার করা হলে তা ধর্মের মানবিক তাৎপর্যকেই ক্ষতিগ্রস্ত করে। কবীরের রাম যদি প্রতিটি প্রাণের অন্তরে বিরাজ করেন, তবে তাঁকে কোনও একটা রাজনৈতিক মতাদর্শের সীমানায় বন্দি করা যায় কীভাবে? যে রাম সমগ্র সৃষ্টিতে ব্যাপ্ত, তাঁকে অন্য ধর্মাবলম্বী মানুষের বিরুদ্ধে দাঁড় করানো যায় কীভাবে?

মানুষের প্রকৃত সমস্যা; কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, মূল্যবৃদ্ধি, দারিদ্র্য ও পরিবেশদূষণ ইত্যাদি নিয়ে জবাবদিহি করার পরিবর্তে যদি রাজনৈতিক বিতর্ককে ধর্মীয় পরিচয় ও আবেগের দিকে সরিয়ে দেওয়া হয়, তবে গণতন্ত্রের আলোচনার পরিসর সংকুচিত হয়। ভোটার তখন নাগরিক হিসেবে নিজের অধিকার ও সরকারের কাজের হিসাব চাইবেন, নাকি ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে রাজনৈতিক শিবির বেছে নেবেন; সেই প্রশ্ন সামনে চলে আসে। ধর্মীয় বিশ্বাস মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনের গভীর বিষয়; তাকে নির্বাচনী হিসাবের উপকরণে পরিণত করলে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয় ধর্মের মানবিক ও নৈতিক তাৎপর্যও।

এই প্রশ্ন দীপাবলির উদ্‌যাপনের ক্ষেত্রেও সমানভাবে প্রাসঙ্গিক। একটা বহুল প্রচলিত কাহিনি অনুযায়ী, চোদ্দো বছরের বনবাস শেষে রামের অযোধ্যায় প্রত্যাবর্তনের আনন্দে নগরবাসী প্রদীপ জ্বালিয়ে তাঁকে স্বাগত জানিয়েছিলেন। এই কাহিনি বহু মানুষের ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে। তবে দীপাবলির উৎপত্তি ও উদ্‌যাপনের ইতিহাস একমাত্র এই কাহিনিতে সীমাবদ্ধ নয়; অঞ্চল ও সম্প্রদায়ভেদে এর নানা ধর্মীয় ও লোকাচারগত ব্যাখ্যা রয়েছে। সেই বিশ্বাস ও ঐতিহ্যের প্রতি সম্মান রেখেই প্রশ্ন তোলা যায়; যে উৎসবের সঙ্গে আলো, আনন্দ ও মঙ্গলকামনার স্মৃতি জড়িয়ে আছে, তার উদ্‌যাপন যদি মানুষের জীবন ও প্রকৃতির ক্ষতির কারণ হয়ে ওঠে, তবে সেই পদ্ধতি নিয়ে নতুন করে ভাবা উচিত নয় কি?

২০২৬ সালের ৮ নভেম্বর দীপাবলির পর কলকাতা, দিল্লি ও উত্তর ভারতের বায়ুদূষণ এই প্রশ্নকে আরও জরুরি করে তুলেছে। দীপাবলির দিন দিল্লির গড় বায়ুমান সূচক বা একিউআই ৩৭৬-এ পৌঁছেছিল, যা ‘অতি খারাপ’ পর্যায়ের দূষণ। পরদিন একাধিক এলাকায় দূষণের মাত্রা ‘গুরুতর’ পর্যায়ে পৌঁছয়। আইআইটিএম-এর উৎসভিত্তিক মডেল-অনুমান অনুযায়ী, ৯ নভেম্বর ভোরের কয়েক ঘণ্টায় দিল্লির দূষণে আতশবাজির অবদান ৮০ শতাংশেরও বেশি বলে জানানো হয়েছিল। অন্য একটা নির্দিষ্ট সময়সীমার বিশ্লেষণে রাত একটা থেকে সকাল নটা পর্যন্ত পিএম ২.৫ দূষণে আতশবাজির অবদান ৭১.১ শতাংশ বলে অনুমান করা হয়েছে।

এগুলো নির্দিষ্ট সময়ের মডেলভিত্তিক হিসাব, সারা দিনের বা সারা বছরের দূষণের অনুপাত নয়। যানবাহনের ধোঁয়া, শিল্পবর্জ্য, নির্মাণকাজের ধুলো, আবর্জনা পোড়ানো, আঞ্চলিক দূষণ এবং আবহাওয়ার পরিস্থিতিও দিল্লির দূষণের জন্য দায়ী। তবু উৎসবের কয়েক ঘণ্টার আতশবাজি আগে থেকেই দূষিত বাতাসকে আরও বিপজ্জনক করে তুলতে পারে। দূষণ নিয়ন্ত্রণে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের তৃতীয় পর্যায়ের বিধিনিষেধ কার্যকর থাকা সত্ত্বেও এই পরিস্থিতি তৈরি হওয়া সরকারি প্রশাসনিক ব্যর্থতাকেও বেআব্রু করেছে।

এই বাস্তবতায় আরএসএস প্রধান মোহন ভগবত, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী-সহ একাধিক রাজনৈতিক নেতার বাজি পোড়ানোর পক্ষে সওয়াল নিয়েও প্রশ্ন ওঠা স্বাভাবিক। মুখ্যমন্ত্রীর দায়িত্ব কোনও উৎসবের পক্ষে রাজনৈতিক অবস্থান নেওয়া মাত্র নয়; উৎসব নির্বিঘ্নে পালনের পাশাপাশি প্রত্যেক নাগরিকের স্বাস্থ্য, নিরাপত্তা ও পরিবেশ রক্ষা করাও তাঁর দায়িত্ব। সবুজ বাজি তুলনামূলকভাবে কম দূষণকারী হতে পারে, কিন্তু সেটাও সম্পূর্ণ দূষণমুক্ত নয়। আদালতের নির্দেশ, নির্ধারিত সময়সীমা ও দূষণ নিয়ন্ত্রণের বিধি মানা প্রশাসনের কর্তব্য। দূষণ নিয়ে প্রশ্ন তুললেই কাউকে ধর্মবিরোধী বা ঐতিহ্যবিরোধী বলে চিহ্নিত করা হচ্ছে। এ কোন সভ্যতা? দূষণের কোনও ধর্ম নেই; তার প্রভাব পড়ে হিন্দু-মুসলমান, ধনী-গরিব, শিশু-বৃদ্ধ সকলের শরীরে।

যে শিশুর শ্বাসকষ্ট হয়, যে বৃদ্ধ দূষিত বাতাসে অসুস্থ হয়ে পড়েন, যে শ্রমিক জীবিকার প্রয়োজনে সেই বাতাসেই কাজ করেন, যে হাসপাতালের রোগী রাতের শব্দে বিশ্রাম পান না; উৎসবের আনন্দের হিসাবের মধ্যে তাঁদের জীবনও থাকতে হবে। রাজধর্মের ধারণা যদি জনকল্যাণ, ন্যায় ও মানুষের নিরাপত্তার সঙ্গে যুক্ত হয়, তবে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে তার প্রথম শর্ত নাগরিকের জীবন ও স্বাস্থ্যের সুরক্ষা। একটা অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে অন্যের মৌলিক অধিকার বিপন্ন করার অনুমতি কোনও সরকারের দিতে পারে না। দীপাবলির আনন্দকে আতশবাজির ধোঁয়ার সঙ্গে এক করে দেখা চরম মূর্খামি। প্রদীপের আলো, মানুষের মুখের হাসি, পরস্পরের প্রতি সহমর্মিতা এবং প্রকৃতির প্রতি দায়িত্ববোধ দিয়েও উৎসব উদ্‌যাপন করা যায়।

কবীরের রাম মানুষের অন্তরে; লালনের মনের মানুষ মানুষের নিজের ভিতরে; রবীন্দ্রনাথের ঈশ্বর শ্রমজীবী মানুষের কর্মে ও ঘামে। তাঁদের ভাবনার মধ্যে পার্থক্য থাকলেও একটা গভীর মানবিক মিল রয়েছে। মানুষকে ছোট করে, মানুষে মানুষে বিভেদ তৈরি করে, মানুষের দুঃখ ও শ্রমকে উপেক্ষা করে পরম সত্যের সন্ধান পাওয়া যায় না। রামের নাম উচ্চারণ করা আর তাঁর নামে প্রচারিত নৈতিক আদর্শ ধারণ করা এক কথা নয়। কবীরের রাম কোনও নির্বাচনী স্লোগান নন, লালনের মনের মানুষ কোনও সাম্প্রদায়িক পরিচয়ের বন্দি নন, রবীন্দ্রনাথের ঈশ্বর কোনও রুদ্ধদ্বার মন্দিরের একান্ত সম্পত্তি নন।

রামের নামে মানুষকে ভাগ করা যায়, কিন্তু তাতে মানুষের অন্তরের রামকে পাওয়া যায় না। ধর্মের নামে দূষণকে বৈধতা দেওয়া যায় না, সংখ্যাগরিষ্ঠের আনন্দের নামে অন্য নাগরিকের বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়া যায় না। দীপাবলির আলো মানুষের ঘরে পৌঁছাক, কিন্তু সেই আলো যেন অন্যের জীবনে অন্ধকার ডেকে না আনে। রামের নামে ক্ষমতার অলিন্দ দখল করার চেয়ে অনেক কঠিন কাজ হল মানুষের মধ্যে ভালোবাসা, মর্যাদা ও বিশ্বাস ফিরিয়ে আনা। কবীর, লালন ও রবীন্দ্রনাথের মানবিক দর্শন আমাদের সেই কঠিন কাজের কথাই মনে করিয়ে দেয়।

 


প্রকাশ: ২২-নভেম্বর-২০২৬

আপনার মতামত

এই লেখাটি সম্বন্ধে আপনার কেমন লাগলো আপনার মতামত জানতে আমরা আগ্রহী।
আপনার মতামত টি, সম্পাদকীয় বিভাগের অনুমতিক্রমে, পূর্ণ রূপে অথবা সম্পাদিত আকারে, আপনার নাম সহ এখানে প্রকাশিত হতে পারে।

This Is CAPTCHA Image

শেষ এডিট:: 22-Nov-26 00:36 | by 3
Permalink: https://cpimwestbengal.org/the-ram-of-the-heart-the-person-of-the-mind-and-the-politics-of-power - exists in postID 32368
Categories: Fact & Figures
Tags: hindutwa, rabindranathtagore, rss-bjp, kabir, lalan
শেয়ার:
সেভ পিডিএফ:



লেখক/কিওয়ার্ড