বই পোড়ানো

Author
ডঃ নুরুল ইসলাম

বই পুড়িয়ে বইয়ের ভেতরে থাকা ভাবনাকে পুড়িয়ে দেওয়া যায় না সেই ভাবনার বিরুদ্ধে লড়াই করতে গেলে বই পড়ানোর বদলে নতুন বই লিখতে হয়।

Book burning


 "যেখানে তারা বই পোড়ায়, একদিন তারা মানুষও পোড়াবে।"
     এই মহামূল্যবান ভবিষ্যৎবাণীটি করেছিলেন বিখ্যাত জার্মান কবি হাইনরিখ হাইনে নাৎসি বাহিনীর দ্বারা লাখো লাখো বই পোড়ানোর সময়। সত্যি তারা লাখ লাখ মানুষকে নির্বিচারে গ্যাস চেম্বারে পুরে পুড়িয়ে চরম যন্ত্রণা দিয়ে মেরেছিলো।
   যুগে যুগে ইতিহাস জুড়েই রাজনৈতিক ধর্মীয় আদর্শগত বিরোধিতা ও অন্ধবিশ্বাস কুসংস্কারের কারণে ভিন্ন মত বা ইতিহাস দমনের উদ্দেশ্যে শাসক গোষ্ঠী বিভিন্ন সময়ে অজস্র লাইব্রেরি,জ্ঞান ভান্ডার, বই -পুঁথি-পত্র ধ্বংস করেছে। বহু মর্মান্তিক ঘটনা ঘটেছে।
     খ্রিস্টপূর্ব ২১২ অব্দে চীনের সম্রাট কিং শি হুয়াং তাঁর শাসন ব্যবস্থা ও ইতিহাসকে একচেটিয়ে রাখতে কনফুসিয় গ্রন্থসহ বহু ঐতিহাসিক বই পুড়িয়ে ফেলেন এবং প্রায় ৪৬০ জন পণ্ডিতকে জীবিত অবস্থায় মাটিতে পুঁতে হত্যা করেন। একই ঘটনা ঘটেছিল আজাতশত্রুর শাসনকালে, যার পরিচয় পাই আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত পূজারিণী কবিতায়। মিশরের বিখ্যাত আলেকজান্দ্রিয়া লাইব্রেরীটি যুদ্ধ ধর্মীয় দাঙ্গা ও অগ্নিকাণ্ডে বিভিন্ন সময় ধ্বংস হয় যা প্রাচীন বিশ্বের অমূল্য জ্ঞান ভান্ডারকে মুছে বিনাশ করে।

  স্পেনের আন্দালুসিয়ার কর্ডোভার বিখ্যাত বহু লাইব্রেরীর বৈজ্ঞানিক, সাহিত্যিক গ্রন্থ এবং পুঁথিপত্র আগুনে ভস্মিভূত করা হয় ৯৭৬ খ্রিস্টাব্দ থেকে ১০০৯ খ্রিস্টাব্দের মধ্যে । খলিফা আল হাসান এর সংগ্রহ করা প্রায় চার লক্ষ পান্ডুলিপির এই লাইব্রেরীতে ছিল তৎকালীন বিশ্বের অন্যতম সেরা জ্ঞান ভান্ডার কিন্তু তাঁর মৃত্যুর পর ক্ষমতা দখলকারী সামরিক কমান্ডার আল মনসুর কট্টরপন্থী  ধর্মীয় পণ্ডিতদের সন্তুষ্ট করতে লাইব্রেরীর দর্শন ও প্রাচীন বিজ্ঞান সংক্রান্ত অসংখ্য বই পুড়িয়ে দেন। ১০০৯ খ্রিস্টাব্দে আন্দালুসিয়ায় গৃহযুদ্ধ শুরু হলে  রাজকীয় লাইব্রেরী পুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয় এবং অবশিষ্ট মূল্যবান বইগুলোকে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে নষ্ট করা হয়।

     ১৪৯২ খ্রিস্টাব্দে রাজা ফারডিনান্ড ও রানী ইসাবেলা গ্রানাডা জয়ের মাধ্যমে স্পেনে মুসলিম শাসনের অবসান ঘটান। ১৪৯৯ খ্রিস্টাব্দে গ্রেনাডায় আরবি সংস্কৃতির চিহ্ন মুছে ফেলতে সমস্ত লাইব্রেরীতে সংগৃহীত  ১০ লক্ষের বেশি আরবি পান্ডুলিপি ও বই  স্তুপ করে পুড়িয়ে দেওয়া হয়। আন্দালুশিয়ার এই লাইব্রেরীতে শুধু মুসলিম বিজ্ঞানীদের কাজই ছিল না বরং প্রাচীন গ্রিক,রোমান,পার্সিয়ান এবং ভারতীয় দর্শনের বহু অনুবাদ ও মৌলিক গবেষণা পত্র ছিল। বহু মূল্যবান বৈজ্ঞানিক তত্ত্ব চিকিৎসা বিদ্যা ও মহাকাশ গবেষণার অনন্য এবং একমাত্র অনুলিপিগুলি  অগ্নিকাণ্ডে চিরতরে হারিয়ে যায়, যা মানব সভ্যতার বিজ্ঞানের অগ্রযাত্রাকে বহু বছর পিছিয়ে দিয়েছিল।

    প্রাচীন বিশ্বের জ্ঞান ভান্ডার হিসেবে পরিচিত  টলোমাইট বা আলেকজান্দ্রিয়ার বিখ্যাত লাইব্রেরীটি যুদ্ধ দাঙ্গা এবং আগুনে ধীরে ধীরে ধ্বংস হয়ে যায়।  ১১৯৩ সালে বক্তিয়ার  খলজির আক্রমণে ভারতের বিখ্যাত প্রাচীন শিক্ষা কেন্দ্র নালন্দা বিশ্ববিদ্যালয়ের বিশাল লাইব্রেরীতে আগুন লাগিয়ে দেওয়া হয় যা টানা কয়েক মাস ধরে জ্বলে ছিল বলে জানা যায়। 

   ১২৫৮ খ্রিস্টাব্দে হালাকু খানের নেতৃত্বে মঙ্গলবাহিনী বাগদাদ আক্রমণ করে এবং বিখ্যাত ‘House of Wisdom’ লাইব্রেরি ধ্বংস করে দেয়।জনশ্রুতি আছে,বইয়ের কালিতে নদীর জল কালো হয়ে গিয়েছিল। আফ্রিকার মালি রাষ্ট্রে  মৌলবাদী জঙ্গিরা প্রাচীন টিম্বাকুটু শহরের ঐতিহাসিক লাইব্রেরীতে আগুন দিয়ে প্রায় চার হাজার প্রাচীন ও দুষ্প্রাপ্য পাণ্ডুলিপি পুড়িয়ে ধ্বংস করে দিয়েছিল। 

    বিখ্যাত মারাঠি ভক্তি আন্দোলনের কবি এবং সন্ত তুকারাম মহারাজ তাঁর জীবনকালে সনাতনপন্থী সমাজব্যবস্থা, বিশেষ করে উচ্চবর্ণের ব্রাহ্মণ সমাজ এবং প্রতিদ্বন্দ্বী ধর্মীয় নেতাদের কাছ থেকে তীব্র নিপীড়ন ও সামাজিক বিরোধিতার মুখোমুখি হয়েছিলেন।তাঁর অপরাধ জাতিভেদ প্রথা ও সামাজিক বৈষম্যের প্রতিবাদ।  তিনি তাঁর কীর্তন এবং অভঙ্গ (ভক্তিমূলক কবিতা) কবিতার মাধ্যমে তৎকালীন প্রচলিত কঠোর জাতিভেদ প্রথা, সামাজিক বৈষম্য এবং কিছু ধর্মীয় নেতার ভণ্ডামির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন।

   সে যুগে উচ্চবর্ণের ব্রাহ্মণরা মনে করতেন ধর্মীয় জ্ঞান এবং আধ্যাত্মিক চর্চা কেবল সংস্কৃত ভাষার মাধ্যমে হয় এবং  সেখানে তাঁদের একচেটিয়া অধিকার। কিন্তু তুকারাম সাধারণ মানুষের বোধগম্য লোকভাষা 'মারাঠি'তে তাঁর গান ও কবিতা রচনা করেন। নিম্নবর্ণের হয়েও ধর্মীয় বাণী প্রচার করাকে তৎকালীন রক্ষণশীল সমাজ 'ধর্মদ্রোহিতা' বলে মনে করে।
ইন্দ্রায়ণী নদীতে তাঁর সমস্ত কবিতা গানের পুঁথি পাথরে বেঁধে ডুবিয়ে দেয়।  লোকগাথা অনুযায়ী, তুকারাম তখন ১৩ দিন অনাহারে নদীর তীরে বসে থাকেন বড় শোকে কষ্টে দুঃখে যন্ত্রণায়।

     ব্রিটিশ সরকার দেশদ্রোহিতার অজুহাতে প্রখ্যাত হিন্দি উর্দু কথা সাহিত্যিক প্রেমচন্দের ১৯০৭ -১৯০৯ সালে প্রকাশিত 'সোজ-এ-ওয়াতান' (Soz-e-Watan)।  নিষিদ্ধ ঘোষণা করে।
      শুধু তাই নয়, তৎকালীন জেলা কালেক্টর প্রেমচাঁদকে তলব করেন। বইটির প্রায় ৭০০টি অবিক্রিত কপি বাজেয়াপ্ত করা হয় এবং লেখকের সামনেই সেগুলো প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়।এই ঘটনার আগে তিনি তাঁর আসল নাম ধনপত রাই বা নবাব রাই নামে লিখতেন। ব্রিটিশ সরকার তাঁকে বিনা অনুমতিতে লিখতে নিষেধ করার পর, আইনি জটিলতা ও গ্রেপ্তার এড়াতে তিনি তাঁর এক বন্ধুর পরামর্শে নতুন ছদ্মনাম 'প্রেমচাঁদ' গ্রহণ করেন। পরবর্তীকালে তিনি এই নামেই বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেন।

   ব্রিটিশ শাসনামলে দেশপ্রেম, সাম্রাজ্যবাদ বিরোধী চেতনা ও স্বাধীনতার দাবি জাগিয়ে তোলা অসংখ্য বই ও সাহিত্যকর্ম ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত বা নিষিদ্ধ করে।
  বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মোট ৫টি বই বা গ্রন্থ ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত বা নিষিদ্ধ করেছিল।
বইগুলো হলো 
যুগবাণী (১৯২২ সালে প্রকাশিত ও নিষিদ্ধ প্রথম বই),বিষের বাঁশি (১৯২৪ সালে নিষিদ্ধ),ভাঙ্গার গান (নিষিদ্ধ গ্রন্থ),প্রলয় শিখা (১৯৩০ সালে এই গ্রন্থ প্রকাশের কারণে তাঁর নামে দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়)।
   এছাড়া ১৯২২ সালের ২৬ সেপ্টেম্বর 'ধূমকেতু' পত্রিকায় প্রকাশিত তাঁর বিখ্যাত কবিতা 'আনন্দময়ীর আগমনে' বাজেয়াপ্ত করা হয়েছিল এবং কাজী নজরুল ইসলামের সশ্রম কারাদণ্ড হয়।

      শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৯২৬ সালে প্রকাশিত 'পথের দাবী' রাজনৈতিক উপন্যাসে ব্রিটিশবিরোধী সশস্ত্র বিপ্লব ও মুক্তির কথা থাকায় ব্রিটিশ সরকার এটি ১৯২৭ সালের ৪ জানুয়ারি নিষিদ্ধ ঘোষণা করে এবং বহু কপি পুড়িয়ে ফেলে।
    ১৯০৯ সালে রচিত মহাত্মা গান্ধীর 'হিন্দু স্বরাজ' বইটি ১৯১০ সালে ব্রিটিশ সরকার 'রাষ্ট্রদ্রোহী' তকমা দিয়ে প্রেস অ্যাক্ট অনুযায়ী নিষিদ্ধ করে।
 'আঙ্গারয়' (সাজ্জাদ জহির ও অন্যান্য)উর্দু গল্পের সংকলন যা ১৯৩২ সালে প্রগতি লেখক সংঘের শুরুতে প্রকাশিত হয় এবং ব্রিটিশদের নজরদারিতে পড়ে।
      রবীন্দ্রনাথ ঠাকুর বইয়ের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেন, “বই হচ্ছে অতীত আর বর্তমানের মধ্যে বেঁধে দেওয়া সাঁকো।” যুগে যুগে জ্ঞান, ভিন্ন মত বা ইতিহাস দমনের উদ্দেশ্যে শাসক গোষ্ঠী বইয়ের ওপর আক্রমণ নামিয়ে এনেছে। 
    বিখ্যাত সাহিত্যিক অংশুমান কর তার গুরুত্বপূর্ণ অভিমত দেন , “বই পুড়িয়ে বইয়ের ভেতরে থাকা ভাবনাকে পুড়িয়ে দেওয়া যায় না সেই ভাবনার বিরুদ্ধে লড়াই করতে গেলে বই পড়ানোর বদলে নতুন বই লিখতে হয়।” 
   ছোট বেলা থেকেই ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে এই শিক্ষা বই বা অন্য কিছু শিক্ষণীয় বস্তু নিচে পড়লে বা পায়ে ছোঁয়া লাগলে সঙ্গে সঙ্গে তা কপালে ঠেকিয়ে তার প্রতি শ্রদ্ধা জানানো। বই দেবী সরস্বতী রূপেও সম্মান পান। অথচ একদল মদ্যপ যুবক সদ্য ক্ষমতা প্রাপ্তির দম্ভ আস্ফালনে বই ছেঁড়ে,বই পোড়ায়, বইকে পদদলিত করে উল্লাস করে। জানিনা এরা কোন সংস্কৃতি বাংলার বুকে এনে দিতে চাইছে। 
    ছোট বেলায় স্কুলে দুই বন্ধুর ঝগড়ার সময় মাস্টার মশাই বোর্ডে একটা রেখা টেনে দিয়ে পরশ্রীকাতর ছাত্রটিকে বলেন ঐ রেখাটিকে না ছুঁয়ে ছোট করতে। উপায় তো কিছুতেই পাচ্ছে না সে,তখন অন্য বন্ধু স্যারের কাছে অনুমতি নিয়ে সেই রেখার উপরে আরেকটা রেখা টেনে দিল।

    “ ঘুমিয়ে তুমি যেটা দেখো সেটা আসল স্বপ্ন নয়, সেটাই আসল স্বপ্ন যা তোমাকে ঘুমোতে দেয় না”
 এই কথাটি বলেছিলেন বিশ্ব বিখ্যাত মহাকাশ বিজ্ঞানী  প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে  প্রয়াত হন মেঘালয়ে একটি বিদ্যালয়ে তাঁর প্রিয় শিশু-কিশোরদের সঙ্গে আড্ডা দেওয়ার সময়। তাঁর প্রয়াণের পর রাষ্ট্রপতি ভবনে তাঁর সঞ্চিত সম্পদের মধ্যে পাওয়া যায় , কোন ধনরত্ন টাকা পয়সা নয়,  কয়েকটি ব্যবহৃত পুরানো জামা আর কয়েক হাজার বই। বোঝা যায় কার কিসের চাহিদা।

       যাদবপুর, জওহরলাল নেহেরুসহ নানা বিশ্ববিদ্যালয়ের উপর আরএসএস গুন্ডা বাহিনীর আক্রমণ বা বই স্টল বন্ধ করার হুমকি, প্যান্ডেল ভাঙচুর,বই পত্র পোড়ানো, ছিঁড়ে ফেলা, পদ দলিত করা, বামপন্থী গণতন্ত্রপ্রেমী মানুষদের অকথ্য ভাষায় গালাগালি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং তা সুপরিকল্পিত। যেখানেই মুক্তচিন্তা, গণতন্ত্র,মৌলিক অধিকার, নারী স্বাধীনতার চর্চা হবে সেখানেই আক্রমণ হবে। যারা বই পোড়ায় তারা আপনার আগামী প্রজন্মকে পোড়ায়। যারা বই পোড়ায় তারা সমাজকে পোড়ায়। আজকে যারা বই পোড়াচ্ছে কালকে তারা আপনার ঘর পোড়াবে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।
    কিছুদিন আগে গুজরাটের আমেদাবাদ শহরে  একটি বিদ্যালয়ে বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী নারী শিক্ষার জন্য জীবনকে বাজি রেখে সংগ্রাম চালিয়ে যাওয়া মালালা ইউসুফজাইয়ের ‘আই এ্যাম মালালা’ এবং নাৎসি বাহিনীর হাত থেকে বাঁচতে আত্মগোপনে থাকা ইহুদী-কিশোরী আনা ফ্রাঙ্কর লেখা একটি বিশ্ব বিখ্যাত আত্মজীবনীমূলক গ্রন্থ 'The Diary of a Young  girl'। বই দুটি পাঠ্যভুক্ত হলে আরএসএসের এ বি ভি পি ও বজরং দল বাহিনী হুমকি দিয়ে সেই বই দুটো পাঠ্যক্রম থেকে বাদ দিতে বাধ্য করে। তার প্রতিবাদে একদল বই প্রেমী, গণতন্ত্রপ্রেমী মানুষ এই বই দুটি সহ আরো কিছু বই রাস্তায় বসে নীরবে পাঠ করছিলেন। সেই সময় সে গুন্ডাবাহিনী সেখানে উপস্থিত হয়ে বইগুলিকে ছিঁড়ে  পদদলিত করে পুড়িয়ে দেয় এবং জঘন্য ভাষায় গালিগালাজ করে।  নারী অধিকার,স্বাধীনতা,সাম্য, মুক্তচিন্তার কথা বললেই তাদের গাত্রদাহ হবে। 

   শুধু তাই নয়, এনসিআরটি সিলেবাস থেকে বিগত ১০ বছরে নানা ধরণের আক্রমণ আনা হয়েছে। বিবর্তনবাদ, পর্যায় সারণী,গণতন্ত্র, শিল্প বিপ্লব, রেনেসাঁ আন্দোলন, সমাজ বিবর্তন ইত্যাদি বিষয় বাদ দেওয়া হয়েছে।
   দ্বাদশ শ্রেণির ইতিহাস সিলেবাসে গান্ধী হত্যার পর  আরএসএসের উপর  নিষেধাজ্ঞার ঘটনাটি বাদ দিয়ে দেওয়া হয়েছে।   
    সবথেকে মজার বিষয় হলো ২০১৭ সালে এনসিআরটিকে আরএসএস অনুমোদিত সংগঠন পাঠ্যবই সংশোধনের জন্য যে সমস্ত সুপারিশ পাঠায় তার মধ্যে ছিল রবীন্দ্রনাথের শিক্ষা, চিন্তা ,দর্শন, ভাবনা ইত্যাদি বাদ দেওয়া। সুপারিশ অনুযায়ী ২০২১-২২ সালে পাঠ্যক্রমে উত্তর প্রদেশের যোগী সরকার ইংরেজি সিলেবাস থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের 'The Homecoming' গল্পটি বাদ দেওয়া হয়।
    সুতরাং এগুলি কোনোটাই বিচ্ছিন্ন ঘটনা নয়, একেবারে যে পরিকল্পিত চক্রান্ত তা আমরা সহজে বুঝতে পারি।

    জার্মানিতে হিটলার ক্ষমতায় আসার কিছুদিন পরেই তার প্রচার সচিব জোসেফ গোয়েবলস  ও ফ্যাসিস্ট ছাত্রদল 'ব্ল্যাক শার্ট' বাহিনী নির্বিচারে আইনস্টাইন,কাল মার্কস, ফ্রয়েড সহ নানা দার্শনিক, চিন্তাবিদ বিজ্ঞানীর বই পোড়াতে থাকে। অভিযোগ এগুলো 'অজার্মানি'।
  আসলে ১৯৩৩ বা ২০২৬ ইত্যাদি দেশ কাল সময় নির্বিশেষে ফ্যাসিস্ট বা মৌলবাদীরা যে মুক্তচিন্তার উপর আক্রমণ করে তার সঙ্গে আশ্চর্য মিল আমরা লক্ষ্য করি। প্রশ্ন করা,গণতন্ত্র, নারী স্বাধীনতার কথা বলা সমান অধিকারের কথা বলা তারা কিছুতেই সহ্য করতে পারে না। যে কোনোভাবে মুখ আগেই বন্ধ করে দিতে হবে। কিন্তু স্বৈরাচারীরা ভুলে যায় রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শনের মূল কথাই হল মুক্ত চিন্তা, বিশ্বজনিনতা ও চিত্ত যেথা ভয় শূণ্যের উচ্চারণ। ইতিহাস কিন্তু এই কথাই বলে যে যতই আক্রমণ হোক না কেন শেষ কথা বলে মুক্ত চিন্তা,গণতন্ত্র ও প্রশ্ন করার অধিকার।  

    যে বই আনে শিক্ষা জ্ঞান চেতনা,সেই বইয়ের ওপর আক্রমণ, তারই মধ্যে ট্রেনে এক ভিন্ন ছবি। কয়েকজন স্কুল কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী ভারতের মনীষী, স্বাধীনতা সংগ্রামীদের জীবনী বিভিন্ন বই হাতে  হাওড়া বর্ধমান লোকাল ট্রেনের কামরায় ক্যাম্পেইন করছে। আক্রমণ উগ্রতার বিপরীতে শান্তির পথে একদল ছেলেমেয়ে মানুষ গড়ে তোলার কাজ করে চলেছে। ভালো লাগা, শুধু ভালো লাগার এই সুন্দর সুশোভন দৃশ্য সহজেই মন কাড়ে সাধারণ মানুষের।সেই চিরাচরিত  উক্তি - ধ্বংসের মধ‍্যেই সৃষ্টির বীজ থেকে  যায়। নতুন করে অভিজ্ঞতা নিয়ে  যা গড়ে  ওঠে তা অনেক শক্তি  নিয়েই প্রকাশ  পায়। বর্তমানে  সেটাই দেখছি। এও একটা নবজাগরণের যুগ যার অস্ত্র উন্নত শিক্ষা, উদার মানবিকতা এবং  ভিন্ন ভিন্ন সংস্কৃতির মিলনে  বিশ্বমানবতার বন্ধন এটাই   ফিরে  আসবে যা দীর্ঘস্থায়ী  হবেই আমাদের  বিশ্বাস।
প্রকাশ: ১৩-নভেম্বর-২০২৬

আপনার মতামত

এই লেখাটি সম্বন্ধে আপনার কেমন লাগলো আপনার মতামত জানতে আমরা আগ্রহী।
আপনার মতামত টি, সম্পাদকীয় বিভাগের অনুমতিক্রমে, পূর্ণ রূপে অথবা সম্পাদিত আকারে, আপনার নাম সহ এখানে প্রকাশিত হতে পারে।

This Is CAPTCHA Image

শেষ এডিট:: 13-Nov-26 15:42 | by 3
Permalink: https://cpimwestbengal.org/book-burning
Categories: Fact & Figures
Tags:
শেয়ার:
সেভ পিডিএফ:



লেখক/কিওয়ার্ড