|
দুঃখের অযুত অক্ষর ফুটে উঠবে জাতিভিত্তিক জনগণনায় - অলকেশ দাসUnknown |
| ১৭ অক্টোবর ২০২১, রবিবার
১৮৫৭'র মহাবিদ্রোহে তখন ব্রিটিশ পর্যুদস্ত । কোনমতে বিদ্রোহ সামাল দিয়ে ব্রিটিশরা গালে হাত দিয়ে ভাবছে ভারতে তাদের শাসন কিভাবে গতিশীল, অব্যাহত রাখা যায়। তখনই তারা উপলব্ধি করল যে এর জন্য ভারতীয় জনগণের সামাজিক ব্যবস্থা, তার রীতিনীতি ইত্যাদি সম্পর্কে গভীর জ্ঞান আহরণের প্রয়োজন। শুরু হয়ে গেল ম্যাক্সমুলারের নেতৃত্বে প্রাচীন পুঁথি আর শাস্ত্রগুলির অনুবাদ । এছাড়া আরো তথ্য প্রয়োজন । ঐতিহাসিক রামসরণ শর্মার মতে , এই তথ্যের প্রয়োজনের পরিপ্রেক্ষিত নিয়েই এদেশে ব্রিটিশ ধাঁচের জনগণনার শুরু ১৮৭২ সালে । ১৮৮১ থেকে অবশ্য পাকাপাকি প্রতি দশ বছর ব্যবধানে চলে আসছে জনগণনা । স্বাধীনোত্তর ভারতও সেই ধারাবাহিকতা বজায় রেখেছে। ![]() ২০২১ সালে জনগণনা কার্যকরী হওয়ার কথা। বাদ সেধেছে অতিমারির অবস্থা। সবে এই বছরের জানুয়ারিতে জনগণকেরা সাধারণ মানুষকে যে ৩১ দফা প্রশ্ন জিজ্ঞাসা করবেন তা চূড়ান্ত করা হয়েছে। দেশের প্রথম জনগণনা থেকে ১৯৩১ সালের জনগণনা অবধি জাতিভিত্তিক জনগণনা হয়েছে । ১৯৪১ এর জনগণনাও সেইভাবে শুরু হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে তা অসমাপ্ত হয়ে পড়ে থাকে। স্বাধীনোত্তর ভারতে এ পর্যন্ত জাতিভিত্তিক জনগণনা হয়নি। সাধারণ, তপশিলি জাতি, আদিবাসী, ধর্ম- এই শ্রেণীবিভাগেই এখন জনগণনা হয়। কিন্তু ১৯৯০ সালে মন্ডল কমিশনের রিপোর্ট তদানীন্তন কেন্দ্রীয় সরকার গ্রহণ করার পর সারাদেশে জাতিভিত্তিক জনগণনার প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু সেই সময় জনগণনা '৯১ এর প্রস্তুতি পূর্ণাঙ্গ পর্যায়ে । ২০০১ এর জনগণনার সময়ে ভারতের রেজিস্টার জেনারেল এবং সেন্সাস কমিশনার তদানীন্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে জাতিভিত্তিক জনগণনার পরামর্শ দিলেও তা কার্যকরী হয়নি। ২০১০ সালে বিরোধীরা কোমর বেঁধে জাতিভিত্তিক জনগণনার দাবি তোলে। লোকসভায় আলোচনাও হয়। ইউপিএ টু সরকারের নিয়ন্ত্রক কংগ্রেসকে বাঁচানোর জন্য এগিয়ে আসেন প্রণব মুখার্জি। তিনি বলেন জনগণনার প্রস্তুতি এতটাই চূড়ান্ত পর্বে যে তার এখন পরিবর্তন করা যাবে না। বিরোধীদের চাপ সামলাতে সেই সময়ই ঘোষিত হয় সোশিও-ইকোনমিক কাস্ট সেন্সাস ২০১১কে কার্যকরী করার। এবারও যখন জাতিভিত্তিক জনগণের দাবি অনেক তীক্ষ্ণ, বিস্তৃত ও অনেক পূর্বে ঘোষিত, সেই সময় সরকারের যুক্তি নতুন মলাটে পুরনো বইয়ের মত। অর্থাৎ জনগণনা চূড়ান্ত পর্যায়ে, এখন আর তাকে নতুন করে জাতি ভিত্তিক করা যাবে না ! জাতিভিত্তিক জনগণনার দাবি আকস্মিক নয়। ![]() ইতিমধ্যে জাতিতাত্ত্বিক জনগণনার পক্ষে দাঁড়িয়ে গেছে মহারাষ্ট্র, উড়িষা এবং বিহার সরকার। বিহার ঝাড়খন্ড থেকে সর্বসম্মত সর্বদলীয় প্রস্তাব নিয়ে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে দাবি জানিয়ে এসেছেন। জনতা দল ইউনাইটেড, রাষ্ট্রীয় জনতা দল , বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতেন্দ্র মাঝির দল -হাম, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, কেন্দ্রীয় সরকারের মন্ত্রী রামদাস আথাওয়ালে ও তার দল আর পি আই, বিজু জনতা দল, তেলুগু দেশম পার্টি, ওয়াই এস আর কংগ্রেস পার্টি ইত্যাদি। সিপিআই(এম) জাতিভিত্তিক জনগণনার দাবিকে সমর্থন করেছে। বিজেপির জাতীয় সম্পাদক পঙ্কজ মুন্ডে সহ অনেকেই ভিতরে এবং বাইরে জাতিভিত্তিক জনগণনাকে সমর্থন করছেন। ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস ও জাতিভিত্তিক জনগণনার সুপারিশ করেছে। পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি অন দি ওয়েলফেয়ার অফ দি ওবিসি'জ অ্যান্ড দি মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিসও জাতিভিত্তিক জনগণনার পক্ষে মত দিয়েছেন। ২০১৫ সালে কর্ণাটক সরকার প্রায় ১৪৭ কোটি টাকা খরচ করে রাজ্যে জাতিভিত্তিক গণনা করে। বিজেপি সরকার আসার পর সেই গণনার তথ্য চেপে রেখেছে। উড়িষ্যা সরকারও ওই একই সিদ্ধান্ত গ্রহণ করে রেখেছে কিন্তু অতিমারীকালীন পরিস্থিতির জন্য এগিয়ে যেতে পারছে না। ২০১৪তে তেলেঙ্গানা সরকার ওই সমীক্ষা করে রাজ্যে ওবিসি শতাংশ (৫১%) নির্ণয় করে ফেলেছে। কেরালা সরকার সিদ্ধান্ত নিয়েছে যে তারা রাজ্যে সোসিও ইকোনমিক সার্ভে পরিচালনা করবে। সবমিলিয়ে জাতিভিত্তিক জনগণনার পক্ষে দাঁড়িয়ে যাওয়া প্রচুর রাজ্য এবং মানুষ ওই দাবিতে বিব্রত করছে নারাজ কেন্দ্রীয় সরকারকে। পিছিয়ে পড়া শ্রেণীর সামাজিক, শিক্ষাগত পরিস্থিতি খতিয়ে দেখার জন্য দেশের দ্বিতীয় কমিশন মন্ডল কমিশন। তারা রিপোর্ট দেয় ১৯৮০তে। দশ বছর পর তা কার্যকরী করেন তদানীন্তন প্রধানমন্ত্রী বিশ্বনাথ প্রতাপ সিং। মন্ডল কমিশন সমগ্র জনগণকে ১০০ শতাংশ ধরে নেন। ওই সময় শেষ জনগণনা ছিল ১৯৭১ সালের । সেখান থেকে প্রাপ্ত জনসংখ্যার এস সি , এস টি ও অহিন্দু শতাংশকে বিয়োগ করে পান এস সি,এস টি অংশ ব্যতীত হিন্দু শতাংশকে। শেষ জাতিভিত্তিক ১৯৩১ এর জনগণনা থেকে মন্ডল পেয়েছিলেন সমাজের তথাকথিত উচ্চবর্ণীয় জনগণের শতাংশ। হিন্দু শতাংশ থেকে উচ্চবর্ণীয় জনগণের শতাংশ বিযুক্ত করে তিনি নির্ণয় করেছিলেন হিন্দু পশ্চাদপদ জনগণের শতাংশ। ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যের পশ্চাৎপদতাকে অন্তর্ভুক্ত করার জন্য তিনি অহিন্দু জনসংখ্যার শতাংশের অর্ধেক পশ্চাৎপদ ধরে নিয়ে তাকে যুক্ত করে দেন। এইভাবে হিন্দু, অহিন্দু মিলিয়ে মন্ডল কমিশন ওবিসি জনসংখ্যা নির্ণয় করেন মোট জনসংখ্যার ৫২ শতাংশ। গাণিতিক এই পদ্ধতি গ্রহণ করার সময় সাহায্য নেওয়া হয়েছে ১৯৩১ এর জাতিভিত্তিক জনগণনার। আজ থেকে নয় দশক আগেকার। সাহায্য নেওয়া হয়েছে ১৯৭১ এর জনগণনার তথ্যের। আজ থেকে পাঁচ দশক পূর্বের। সেই তথ্য আজকে সময়োপযোগী নয়। ওবিসি নির্ণয়ের মন্ডল গৃহীত প্রক্রিয়া যে নিখুঁত বা বিজ্ঞানসম্মত নয় সেটা বুঝতে কোন অংকের ছাত্র হতে লাগে না। কিন্তু সেইসময় তার কাছে অন্য কোনো তথ্য না থাকাতে এর বিকল্প কিছু ছিল না।১৯৩১ এর যে জাতিভিত্তিক জনগণনাকে মন্ডল কমিশনে ভিত্তি করা হয়েছে সেই জনগণনায় তখনকার ব্রিটিশ শাসিত রাজ্যগুলি কেবলমাত্র অন্তর্ভুক্ত ছিল। প্রিন্সলি স্টেটগুলি অন্তর্ভুক্ত হয়নি। ফলে গোড়ায় একটা গলদ ছিলই। মন্ডল কমিশনের সুপারিশ কার্যকরী হওয়ার তিনদশক অতিক্রান্ত। এরমধ্যে দি ইউনাইটেড ডিস্ট্রিক্ট ইনফর্মেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস (ইউডাইস+) দেশব্যাপী প্রায় এক দশক ধরে প্রাথমিকের স্কুল ছাত্রছাত্রীদের জাতিভিত্তিক তথ্য সংরক্ষন করে যা পেয়েছে তাতে অন্যান্য পিছিয়ে পড়া জাতিভুক্ত মানুষ ৪৫ শতাংশ, তপশিলি জাতি ১৯ শতাংশ, আদিবাসী ১১ শতাংশ -এইরকম ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ২০০৬ এ ন্যাশনাল স্যাম্পলিং সার্ভে অরগানাইজেশন (এন এস এস ও) ওবিসি সংখ্যা নির্ণয় করে দেখায় যে তা সমগ্র জনগণের ৪০.৯৪ শতাংশ। তফসিলি১৯.৫৯, আদিবাসী ৮.৬৩ শতাংশ। সংখ্যাগত এই বিভ্রান্তি কাটানোর জন্যই প্রয়োজন জাতিভিত্তিক জনগণনার। মুসলিমদের মধ্যেও অন্যান্য পিছিয়ে পড়া জাতিভুক্ত মানুষ রয়েছে। তাদের পরিস্থিতির মূল্যায়ন হয়েছিল শেষ সাচার কমিশনের রিপোর্টে । তাও দেড় দশক আগে। তাদের মধ্যেও এই সময়ে কে এগোলো, কে পিছিয়ে পড়লো জানার জন্য প্রয়োজন জাতি ভিত্তিক জনগণনার। ![]() পশ্চাৎপদতা দূর করবার স্বার্থেই মন্ডল কমিশন ওবিসিদের সরকারি কাজ ও শিক্ষায় ২৭ শতাংশ সংরক্ষণের সুপারিশ করেছিল। সুপ্রিমকোর্টে এর বিরুদ্ধে মামলা হলে আদালত বলে ক্রিমি লেয়ার অর্থাৎ অর্থনৈতিক সমৃদ্ধদের সংরক্ষণের আওতা থেকে বিযুক্ত করতে। আদালত কাজ ও শিক্ষায় ওবিসি সংরক্ষণ ২৭ শতাংশকে অনুমোদন দেয়। সংবিধানের সংরক্ষণ সম্পর্কে কোন শতাংশ বেঁধে দেওয়া হয়নি। কিন্তু সংবিধানের মর্মবস্তু (constitutional philosophy) সমানুপাতিক সমতার বিরুদ্ধে। এখানে সমতার ভারসাম্যের মুখ্যনীতি নির্দেশ দেয় সংরক্ষণকে কোনমতেই পঞ্চাশ শতাংশের উর্ধ্বে না যেতে। প্রসঙ্গত উল্লেখ্য ইতিমধ্যেই তফসিলিদের জন্য ১৫ ও আদিবাসীদের জন্য ৭.৫ শতাংশ সংরক্ষণের প্রক্রিয়া সংবিধানে স্থিরীকৃত। সুতরাং ৫২% ওবিসি দের জন্য সর্বোচ্চ ২৭% সংরক্ষণের বাধ্যবাধকতা। ![]() সংরক্ষণ নিয়ে একটা বিপরীতমুখী চোরাস্রোত সমাজে বয়ে চলেছে। অনুকূল পরিবেশ পেলে সেই স্রোত ভয়ঙ্কর আকার ধারণ করে। সাধারণের মধ্যে ধারণা তৈরি করা হয়েছে যে তাদের প্রাপ্য সুযোগ-সুবিধা আসলে সংরক্ষণের দরজা দিয়ে বের করে নিয়ে যাচ্ছে তপশিলি ,আদিবাসি, ও অন্যান্য পিছিয়ে পড়া জাতিভুক্ত মানুষেরা। একবারও ভাবছে না আসলে কাজ খেয়ে নিচ্ছে শাসক । দেশি-বিদেশি পুঁজির সঙ্গে, ভূস্বামীদের সঙ্গে আপোষ করে। সেই জন্যেই বিগত ৪৫ বছরের সেরা বেকারি উপহার দিয়েছে কেন্দ্রের সরকার। ![]() কেন্দ্রীয় সরকার সর্বোচ্চ আদালতে হলফনামা দিয়ে স্পষ্ট করে দিয়েছে যে তারা নীতিগতভাবে জাতিগত জনগণনার বিরোধী। এফিডেভিটে সরকারের একথা ব্যক্ত হয়েছে - ' জাতিগত জনগণনা কার্যকরী করা প্রশাসনিকভাবে কঠিন এবং কষ্টকর।' সরকার আরো বলেছে জাতি ভিত্তিক জনগণনায় প্রাপ্ত পরিসংখ্যানের সম্পূর্ণতা এবং নির্ভুলতার কোন গ্যারান্টি নেই। এবং সেই কারণে এখান থেকে প্রাপ্ত পরিসংখ্যান তথ্যের উৎস হিসেবে সরকারি উদ্দেশ্যে বিধিবদ্ধ ব্যবস্থায় ব্যবহার করা যাবে না। যেমন সংরক্ষণের কাজে সে শিক্ষায় ভর্তির ক্ষেত্রে হোক, কাজে পদোন্নতির ক্ষেত্রে, বা স্বায়ত্তশাসিত সংস্থায় নির্বাচনের ক্ষেত্রে। ঠিক যেমন এস ই সি সি'১১'র জাতিভিত্তিক প্রতিবেদন প্রকাশ করা হল না। করলো না বিজেপি'র কেন্দ্রের সরকার। বলল সেটা নাকি অসম্পূর্ণ এবং অকার্যকরী। জনগণকেরা নাকি ঠিকঠাক করে গণনা করেননি। বলা হল প্রচুর ভুল আছে। এর সংগঠনার দায়িত্ব ছিল রেজিস্টার জেনারেল অফ ইন্ডিয়া ও সেন্সাস কমিশনারের উপর। ২০১৬ সালে লোকসভার গ্রাম উন্নয়ন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে রেজিস্টার জেনারেল অফ ইন্ডিয়া বলে গেলেন যে এস ই সি সি২০১১'র প্রতিবেদন ৯৮.৮৭ শতাংশ ঠিক। তার মানে ১.১৩ শতাংশ ত্রুটি। সেন্সাস এ পর্যন্ত ২ শতাংশের নিচে ত্রুটিকে নগণ্য বলে ধরা হয়। তাহলে এস ই সি সি ২০১১র জাতিভিত্তিক প্রতিবেদনের অংশটুকু প্রকাশ হলো না কেন? আর জনগণকদের ভুলই যদি হবে তাহলে ওই রিপোর্টের অর্থনৈতিক তথ্য কেন সরকার গ্রহণ করল দারিদ্র্য দূরীকরণের কর্মসূচিগুলি সূক্ষ্মভাবে বাস্তবায়িত করতে? আসলে জাতিভিত্তিক সোশিও ইকোনমিক কাষ্ট সেন্সাস প্রকাশিত হলে সমাজে ভয়ঙ্কর বৈষম্যের চিত্র সামনে আসবে । সমাজের তথাকথিত উচ্চ জাতির শিরোপা পাওয়া মানুষের স্বল্প সংখ্যা অথচ সরকারি বা বেসরকারি কাজ ও শিক্ষায় ব্যাপকতর দখলদারি-আমাদের বিস্মিত করবে আর এদের ধারক-বাহকদের বিব্রত করবে। সাবিত্রীবাই ফুলে পুনে ইউনিভার্সিটি আর জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ দলিত স্টাডিস তাদের গবেষণাপত্রে দেখিয়েছে যে ২২.৩ শতাংশ জনসংখ্যার তথাকথিত উচ্চ জাতি হিন্দু দেশের ৪১ শতাংশ । ৭.৮ শতাংশ আদিবাসী হিন্দু ভোগ করে দেশের সম্পদের ৩.৭ শতাংশ, সবচেয়ে কম। ২০১৩ সালে ন্যাশনাল স্যাম্পলিং সার্ভের অল ইন্ডিয়া ডেট অ্যান্ড ইনভেস্টমেন্ট সার্ভে দেখায় যে সম্পদের দিক থেকে দেশের সবচেয়ে নিচের ৪০ শতাংশ পরিবার দেশের কেবলমাত্র ৩.৪ শতাংশ সম্পদের অধিকারী। এই বন্ধনীতেই সিংহভাগ তপশিলি, আদিবাসী ও অন্যান্য পিছিয়ে পড়া জাতিভুক্ত মানুষ। আসলে জাতি ভিত্তিক জনগণনা তথাকথিত হিন্দু সম্প্রদায়ের রাজনীতির প্রকৃতি প্রকাশ করবে। সমাজে বেশি শ্রম করা মানুষের বেশিরভাগ তথাকথিত নিম্নবর্ণের অংশের এই হতদরিদ্র চেহারা আঙুল তুলবে বর্ণাশ্রমের পাহারাদার বিজেপি এবং আরএসএস এর দিকে। নিম্নবর্ণের মানুষকে যারা হিন্দু বন্ধনীতে ঢুকিয়েছে সেই মানুষ সম্পদের অসম বন্টন দেখে ঘৃণা করবে সঙ্ঘ বাহিনীকে। জাতিভিত্তিক জনগণনা প্রয়োজন বর্ণ ও আর্থসামাজিক শিক্ষাগত উন্নয়নের মধ্যে সম্পর্ক বোঝাতে। ![]() শাসক যে কত দেউলিয়া তা ধরা পড়বে এখানে। আর এই বঞ্চনার চিত্র দেখে যদি বহুজাতি যেমন দলিত ,আদিবাসী ,অন্যান্য পিছিয়ে পড়া জাতি যদি চলে আসে এক ছাদের তলায়? যদি দাবী করতে থাকে তাদের ওপর চলে আসা বঞ্চনার বৈষম্যের প্রতিবিধানের? খুব চাপ পড়বে জাতিব্যবস্থার উপর। কারণ তারা শেখায় এই জাতি ব্যবস্থায় দুটি জাত কখনো একে অপরের প্রতি সংহতি প্রকাশ করতে পারে না। কারণ তাদের মধ্যে নাকি অবশ্যই অন্তগ্রথিত শ্রেষ্ঠত্ব এবং হীনমন্যতার সম্পর্ক থাকতেই হবে। বৈষম্যবোধ থেকে জাতিবোধ স্পষ্ট হয়। অনেকে এটাকে সংকীর্ণতা বলে ভাবে। কিন্তু বৈষম্য এবং তার উৎস জানতে পারলে গণতান্ত্রিক উপাদানকে এক করা যায়। প্রকৃত জাতিভিত্তিক জনগণনার ফলাফল আমাদের ইতিবাচক অবস্থানের দিকে ধাবিত করতে পারে।
![]() প্রকাশের তারিখ: ১৭-অক্টোবর-২০২১ |
© কপিরাইট ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, সর্বস্বত্ব সংরক্ষিত ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি
|