|
চিত্ত জাগরণ আর আত্মমর্যাদার আনন্দে সোভিয়েত সমাজতন্ত্রDebanjan Day |
সকলের জন্য শিক্ষা, স্বাস্থ্য, কাজের সাথেই মৌলিক সামাজিক উত্তোরণ ঘটেছিলো খিদে নিরাময়ের। শান্তি, রুটি, জমির স্লোগানে সংগঠিত বিপ্লব আমূল বদলে দিয়েছিলো ভূখা পেটের পরিসংখ্যানগুলোকে। জমির পুনর্বণ্টনের মাধ্যমে যৌথ খামার ও রাষ্ট্রীয় খামার ব্যবস্থা চালু করা হয়। |
| "তবু জানি, কালের গলিত গর্ভ থেকে বিপ্লবের ধাত্রী যুগে যুগে নতুন জন্ম আনে, তবু জানি, জটিল অন্ধকার একদিন জীর্ণ হবে চূর্ণ হবে ভস্ম হবে, আকাশগঙ্গা আবার পৃথিবীতে নামবে".... নভেম্বর উস্কে আমাদের স্মৃতি, উস্কে দেয় মগজ, শিরদাঁড়া, চিন্তা-চেতনাকে। উস্কে দেয় এই দুনিয়ার বুকেই একটা অন্য দুনিয়া গড়ার ইনকিলাবি ঝোঁক। জাগিয়ে রাখার গান শোনানো, জেগে থাকার স্লোগান বোনার নভেম্বরের অনন্যতা এখানেই। সোভিয়েত যে স্বপ্ন ফেরি করে গেছে তার জীবদ্দশায়, মৃত্যুর পরে যে স্বপ্নকে কবরে সমাধিস্থ করতে চেয়েছে দুনিয়ার তামাম বড়লোকেরা, তিন দশক পার করে এসে সেই স্বপ্নের ভূত যেন তাড়িয়ে বেড়াচ্ছে গোটা দুনিয়ার লুটে খাওয়া এক শতাংশের ঘুম। সেই লাতিন আমেরিকা থেকে পূর্ব ইউরোপ হয়ে দক্ষিণ এশিয়া- হেন মহাদেশ নেই যেখানে খেটে খাওয়া জনতা সারাদিনের খাটুনির শেষে দু'চোখ বুজে সেই সব পাওয়ার স্বপ্ন সবহারা ক্লান্তিতে দেখে না! কোথাও লড়ে তা সত্যি করার দিকে কয়েকধাপ এগিয়ে যাচ্ছে, কোথাও লড়তে লড়তে চিনে নিচ্ছে একের পর এক ধাপ। প্রতিদিন একেক দেশের একেক সামাজিক, অর্থনৈতিক প্রেক্ষিতে মজবুত হচ্ছে সবার জন্য শিক্ষা, সবার জন্য কাজের রাজনৈতিক স্লোগান। সবাই পড়বে, সবাই গড়বে, সবাই লড়বে- এই ভাবনাকে পুষ্ট করতে যে সমাজ ও অর্থনীতি গড়ে তোলার দরকার তার একটা মডেল দেখিয়েছিলো সোভিয়েত সমাজতন্ত্র। কিউবার সমাজতান্ত্রিক মডেল, চিনের মডেল সামনে এনেছে আরো নয়া সম্ভাবনা। সোভিয়েত সমাজতন্ত্রের ভাবনার গাঙচিলই উড়ন্ত সময়ের দুরন্ত সকালের সন্ধানে ডানা মেলেছে একের পর এক দেশে। মানবতার উত্তোরণ ঘটিয়েছিলো সোভিয়েত। মানুষের জীবনধারণের উৎকর্ষতা বাড়ানো ক্ষেত্রে রাষ্ট্রের দায়, দায়িত্ব, কর্তব্য সম্পর্কে গোটা দুনিয়ার সামনে হাজির করেছিলো একটা নির্দিষ্ট আর্থ-সামাজিক প্রগতির সিলেবাস, যেখানে উৎপাদন সম্পর্কগুলোর উন্নত বোঝাপড়া, বন্টনের রাষ্ট্রীয় সমাজতান্ত্রিক কাঠামো, বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক মন গড়ে তোলার ক্ষেত্রে যা এখনও দুনিয়ার বুকে এক বিপ্লবী অনন্যতা নিয়ে টিকে আছে মুক্তিকামী খেটে খাওয়া জনতার মনে। উৎপাদন- যা মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনন্যতা তার বহুমুখী বিকাশের মাধ্যমে একটা সামাজিক, অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে সোভিয়েত সমাজতান্ত্রিক ব্যবস্থা। যেখানে গোটা ব্যবস্থাটার কেন্দ্রে অবস্থান করছে মানুষ- তার শ্রমশক্তি, শ্রমসময়, শ্রমচেতনার বিচ্ছুরণ নিয়ে। লেখাপড়ার গুরুত্বকে সদ্যোজাত সোভিয়েত সবচেয়ে জোর দিয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলো সমস্ত অংশের মানুষের কাছে। দক্ষ শ্রমিক গড়ে তোলবার ক্ষেত্রে, উৎপাদনের অভিজ্ঞতাকে উন্নত, বিস্তৃত করে তোলবার ক্ষেত্রে সর্বজনীন শিক্ষার মডেলকে সামনে রেখে দেশের সব মানুষকে প্রকৃত গুণমানসম্পন্ন শিক্ষায় শিক্ষিত করে তোলার লক্ষ্য নিয়েই এগিয়েছে সোভিয়েত সমাজতান্ত্রিক নির্মাণের ধারা। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে কাজ করেছে সাক্ষরতা অভিযান। '১৭ সালে বিপ্লবের সময় সোভিয়েত ভূখন্ডে সাক্ষরতার হার ছিলো মাত্র ২৬ শতাংশ (মহিলাদের ক্ষেত্রে ১২ শতাংশ)। আশির দশকে পৌঁছে তা গিয়ে দাঁড়ায় ৯৯.৭ শতাংশে। ১৯১৯ সালে লেনিনের শুরু করা লিকবেৎজ সাক্ষরতা অভিযানের মাধ্যমে ৮ থেকে ৫০ বছর বয়সী সমস্ত নিরক্ষর মানুষেকে মাতৃভাষায় লিখতে ও পড়তে শেখানোর জন্য দেশজুড়ে গড়ে উঠেছিলো প্রায় ৪০,০০০ সাক্ষরতা ক্যাম্প। শিক্ষার মাধ্যমে মানবিক গুণাবলী, মর্যাদার বিকাশ ঘটানো ছিলো প্রধান লক্ষ্য। ১৯১৪ সালে যেখানের উচ্চশিক্ষায় পাঠরত ছাত্রের সংখ্যা ১,৩০,০০০ সেখানে আশির দশকে সেই সংখ্যা গিয়ে পৌঁছোলো ৫০,০০,০০০। প্রায় ৯০০'র বেশী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এরা পাঠরত থেকেছে আশির দশক জুড়ে। সত্তরের দশকে প্রতি বছর সোভিয়েতে গড়ে উঠতো প্রায় ৩,০০,০০০ ইঞ্জিনিয়ার, মার্কিনীদের দ্বিগুণ! বিপ্লব পরবর্তী সময়েই শুরুতে ৮ বছরের বাধ্যতামূলক সাধারণ শিক্ষার কার্যক্রম ও পরবর্তীতে ১০ বছরের শিক্ষা কার্যক্রমের মাধ্যমে ভবিষ্যতের উন্নত মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে ও উৎপাদন প্রক্রিয়া ও সম্পর্কগুলোকে ত্বরান্বিত করার ক্ষেত্রে সহায়ক হয়ে ওঠে। এই গোটা সর্বজনীন শিক্ষার কাঠামো রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে সরকারি খরচে, কোনো বেসরকারী, ব্যক্তি এন্টারপ্রাইজে নয়! সোভিয়েতের প্রতিটা মানুষের বেড়ে ওঠা, বেড়ে ওঠার পথে তার নিজস্ব গুণাবলীর সর্বোচ্চ যত্ন ও বিচ্ছুরণের সমস্ত দায়িত্ব রাষ্ট্রের। শৈশব থেকে সমাজতান্ত্রিক কাঠামো গড়ে তোলা, পরবর্তীতে সেই কাঠামোর অংশ হিসেবে তার অংশগ্রহণের রাস্তা তৈরী করা- পুরোটাই রাষ্ট্রীয় পরিকল্পনা ও নীতির মাধ্যমে নিয়ন্ত্রিত। শিক্ষা শেষে কাজের ক্ষেত্রেও নিরাপত্তার দায়িত্ব সমাজতান্ত্রিক রাষ্ট্রের। কর্মসংস্থানমুখী লেখাপড়া, দক্ষ শ্রম প্রদানের উন্নত কাঠামো গড়ে তোলা, সকল অংশের মানুষকে তাতে সংযুক্ত করার মাধ্যমেই মানুষের কাজের চাহিদা, দক্ষতা, শ্রমশক্তির বিকাশ নিশ্চিত করা হয়েছে সোভিয়েত সমাজতান্ত্রিক নির্মাণে। তিরিশের দশকে যখন অর্থনৈতিক মন্দায় ধুঁকছে সাম্রাজ্যবাদী দেশগুলি, তখন সোভিয়েতে নেই কোনো বেকার, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে তালা পড়ে গেছে। একের কাজ পরিপূরণ করছে অনেকের কাজকে, আবার অনেকের কাজ সূত্রায়িত হচ্ছে সরাসরি সমাজতন্ত্র নির্মাণের বৃহৎ প্রকল্পে। কাজের অধিকারকে সাংবিধানিক স্বীকৃতির মাধ্যমে কর্মনিশ্চয়তার আইনি সুরক্ষা, কর্মসংস্থানের নাগরিক অধিকার ও দায়িত্ব নিশ্চিত হয়েছিলো সোভিয়েতে৷ ![]() স্বাস্থ্যের ক্ষেত্রেও সর্বজনীন রাষ্ট্রায়ত্ত ব্যবস্থা প্রচলন হয়েছিলো যা সিমাষ্কো মডেল হিসেবে বিখ্যাত। নিকোলাই সিমাষ্কোর এই মডেলে কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত নিয়ন্ত্রণ, বিনামূল্যে চিকিৎসা পরিষেবা, ব্যাপক রোগ প্রতিরোধ ব্যবস্থা, মাথাপিছু উচ্চসংখ্যক হাসপাতাল বেড ও চিকিৎসকের ওপর গুরুত্ব দেওয়া হয়। সিমাষ্কো মডেলকে হাতিয়ার করে এগিয়ে, আশির দশকে সোভিয়েতে প্রতি ১০,০০০ মানুষের জন্য প্রায় ৪২জন চিকিৎসক, ১৩০টিরও বেশী হাসপাতাল বেড মজুত থাকতো। চারটি ধাপে এই মডেলকে কার্যকরী করা হয়- সোভিয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়, আঞ্চলিক হাসপাতাল ও বিশেষ মেডিকেল ইনস্টিটিউট, স্থানীয় পলিক্লিনিক, কারখানার স্বাস্থ্য ইউনিট ও গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র। পুরো কাঠামোটিই সরকারি খরচে সংগঠিত ও মানুষের জন্য বিনামূল্যে পরিষেবা প্রদানকারী। সদ্যোজাত সোভিয়েতের একটা ঘটনা লেনিন সহ সোভিয়েত সমাজতান্ত্রিক নির্মাণের নির্মাতাদের স্বাস্থ্য সম্পর্কিত অভিমুখ স্পষ্ট করে। আগস্ট ১৯১৮ থেকে অক্টোবর ১৯১৯- সদ্যোজাত সোভিয়েতের ওপর দিয়ে বইছে ভয়ানক স্প্যানিশ ফ্লু! ২৫ লক্ষ মানুষ (জনসংখ্যার প্রায় তিন শতাংশ) মৃত বিপ্লবের বছর দুয়েকের মধ্য। সবার চোখের সামনে এলো জার শাসনের স্বাস্থ্যব্যবস্থার ধ্বংসাবশেষ। সেই ধ্বংসাবশেষের ওপরেই৷ গড়ে উঠলো লেনিনের নেতৃত্বে সোভিয়েত স্বাস্থ্যব্যবস্থা। মৌলিক কথা ছিলো সংহতকরণ। মতাদর্শগত সংহতকরণ- সমস্ত অংশের মানুষকে দেশের স্বাস্থ্য কাঠামোর মধ্যে আনার ব্লুপ্রিন্ট। সোভিয়েত সিস্টেমের মূল কথা। মহামারির বিরুদ্ধে লড়াইয়ে দেশজুড়ে মহামারি বিশেষজ্ঞদের বিশেষ ইউনিট, সংক্রমণজনিত রোগের বিশেষজ্ঞ ডাক্তারদের আলাদা আলাদা ইউনিট। লক্ষ্য দুটো- রোগ প্রতিরোধ এবং জনসংখ্যার সমস্ত অংশটাকে পুনর্গঠিত সোভিয়েত স্বাস্থ্যকাঠামোর আওতায় মধ্যে আনা। দেশের প্রতিটা প্রান্তে ছড়িয়ে পড়েছিলো অসংখ্য স্বাস্থ্য স্বেচ্ছাসেবকরা। ১৯২২ সালে গড়ে উঠলো স্যানিপেড (স্বাস্থ্যবর্ধক মহামারি প্রতিরোধী বিশেষ পরিষেবা)। মাত্র বছর দশেকের মধ্যে সোভিয়েতে কোণায় কোণায় স্যানিপেডের হাজার হাজার ফিল্ড স্টেশন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লাল ফৌজের দ্বারা নিয়ন্ত্রিত এই স্টেশনগুলো রোগ প্রতিরোধে নিয়েছিলো গুরুত্বপূর্ণ ভূমিকা। '২০ থেকে '৫০, মাত্র তিন দশকে সোভিয়েতে মানুষের সম্ভাব্য আয়ু ৪৪ বছর থেকে বেড়ে ৬৪.৭ বছর। লিঙ্গ সাম্যের ক্ষেত্রে বৈপ্লবিক ভূমিকা নিয়েছিলো সোভিয়েত। নারীদের সাংবিধানিক অধিকার, পেশাগত প্রবেশাধিকার, মাতৃত্বকালীন সুবিধার রাষ্ট্রীয় ব্যবস্থার মাধ্যমে শ্রমশক্তির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গড়ে তোলা হয় সোভিয়েত নারীদের। বিপ্লব সংগঠিত হওয়ার পরপরই নারীদের পূর্ণ ভোটাধিকার, বিয়েতে আইনি সমতা, বিবাহবিচ্ছেদের সাংবিধানিক সুযোগ নিশ্চিত করা হয়। দুনিয়ার প্রথম রাষ্ট্র হিসেবে আবেদনের ভিত্তিতে গর্ভপাত বৈধ ঘোষিত হয় সোভিয়েতে। সমাজতান্ত্রিক নির্মাণের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে নারী। আশির দশকে সোভিয়েতে মোট শ্রমশক্তির ৫১ শতাংশ নারী, চিকিৎসকের ৭০ শতাংশ, শিক্ষকদের ৭৫ শতাংশ এবং বৈজ্ঞানিক, গবেষক, প্রযুক্তিবিদের ৪০ শতাংশ নারীসমাজ। ![]() বিজ্ঞান, প্রযুক্তির ক্ষেত্রে সরকারি খরচে এক অনন্য বৈজ্ঞানিক শিল্প অবকাঠামো গড়ে তোলা গিয়েছিলো। বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ, মহাকাশে প্রথম মানব, চাঁদে প্রথম সফট ল্যান্ডিং, শুক্রে প্রথম ল্যান্ডিং, বিশ্বের প্রথম বাণিজ্যিক গ্রিড যুক্ত পারমাণবিক বিদ্যুত কেন্দ্র, ফিউশন চুল্লির নকশা, সুপারকম্পিউটিংশয়ের ক্ষেত্রে একের পর এক যুগান্তকারী আবিষ্কার সোভিয়েত বিজ্ঞান ও প্রযুক্তির প্রগতির পথে ঐতিহাসিক মাইলফলক হয়ে রয়ে গেছে। বিজ্ঞান, সংস্কৃতি, যুক্তিবাদের প্রচার ও প্রসারে সমাজতান্ত্রিক নির্মাণের কালজয়ী ভূমিকা দুনিয়ার বিজ্ঞান, প্রযুক্তির প্রগতিকে জুগিয়েছে অক্সিজেন। সকলের জন্য শিক্ষা, স্বাস্থ্য, কাজের সাথেই মৌলিক সামাজিক উত্তোরণ ঘটেছিলো খিদে নিরাময়ের। শান্তি, রুটি, জমির স্লোগানে সংগঠিত বিপ্লব আমূল বদলে দিয়েছিলো ভূখা পেটের পরিসংখ্যানগুলোকে। জমির পুনর্বণ্টনের মাধ্যমে যৌথ খামার ও রাষ্ট্রীয় খামার ব্যবস্থা চালু করা হয়। দুনিয়া কাঁপানো দশ দিনের দ্বিতীয় দিনেই আওয়াজ হয়ে ওঠে, জমি তার যে ফলায়। রাষ্ট্রের দায়িত্বে প্রায় ১৫ কোটি হেক্টর জমি বন্টন হয় সমস্ত অংশের চাষীদের মধ্যে। বন্ধ করা হয় ব্যক্তিগত সম্পত্তি। ফসল রাষ্ট্রের ভান্ডারে জমা হয়ে, রাষ্ট্রের দায়িত্বে পৌঁছে যাবে প্রয়োজনমাফিক মানুষের হাতে। মানে কেউ পেট ভরে খাবে, আর কেউ ভূখা পেটে থাকবে, এমনটা হবে না। খিদে নিরাময় সোভিয়েত মানবনির্মাণের সবথেকে গুরুত্বপূর্ণ ফলক গড়ে তুলেছিলো। পেট ভরে খাওয়ার স্বাধীনতা প্রথমবার নিশ্চিত হয়েছিলো দুনিয়ার বুকে। কোনো দয়ায় নয়, প্রকল্পে নয়, কাজের বিনিময়ে খাদ্য। আজকের প্রজন্ম বিশ্বাস করতে পারবে না এই দুনিয়া! অবিশ্বাস্য এই কাঠামোটাই গড়ে তুলেছিলো সোভিয়েত সমাজতন্ত্র। যার গনগনে আঁচে একের পর এক দেশে মুক্তিসংগ্রামের আওয়াজে যুক্ত হয়ে গিয়েছিলো সমাজতন্ত্রের স্লোগান। সাম্রাজ্যবাদ বাধ্য হয়েছিলো কল্যাণকামী রাষ্ট্রের মুখোশ পড়ে নিতে। ফ্যাসিবাদ মুখ থুবড়ে পড়েছে এই মানবিক উত্তোরণের সামনে। স্পেকটেটর ম্যাগাজিন বলছে আজকের তরুণ প্রজন্ম ফের খুঁজছে সোভিয়েতের ইতিহাস, যে ইতিহাসকে বিকৃত করে ভুলিয়ে দিতে চেয়েছে সাম্রাজ্যবাদী ক্যাম্প। তামাম দুনিয়ার বৈষম্যকে চ্যালেঞ্জ করে সোভিয়েত এখনো স্বপ্ন ফেরি করছে। স্বপ্নে বুনছে মানুষ। বুনছে তরুণ প্রজন্মকে। পুঁজিবাদের গড়ে দেওয়া খাঁচা থেকে যারা বেরিয়ে এসে মানুষের মতো করে বাঁচার সন্ধান করছে। আরো উন্নত যাপনের দিকে এগোতে চাইছে। পুঁজিবাদের কাঠামোয় বাড়তে থাকা অসাম্য, বৈষম্য, না পাওয়া, অতৃপ্তি, হতাশা, রাগ থেকে আজকের প্রজন্ম ঠিকানা খুঁজছে সমাজতন্ত্রের কাছে। লাতিন আমেরিকা, পূর্ব ইউরোপের একের পর এক দেশে পরীক্ষা নিরিক্ষা হচ্ছে সমাজতন্ত্রের নানা মডেলে। লক্ষ্য একটাই উন্নততর সমাজ গড়া, প্রয়োজন মতো পাওয়া, সামর্থ্য মতো দেওয়া, সামর্থ্য আর প্রয়োজনের সাম্য গড়া, একের ভালো থাকার সাথে অনেকের ভালো থাকাকে জুড়ে নেওয়া। প্রযুক্তির অগ্রগতিকে ত্বরান্বিত করতে প্রযুক্তির সুষম বন্টন। একজন তখনই রাষ্ট্রের প্রতি দায়বদ্ধ, যখন রাষ্ট্র তার প্রতি সমস্ত দায়বদ্ধতা পালন করছে- এটাই এখন তরুণ প্রজন্মের আওয়াজ। সামাজিক উত্তোরণে জনতার প্রতি রাষ্ট্রীয় দায়বদ্ধতার সর্বোৎকৃষ্ট মডেল সমাজতন্ত্র। সোভিয়েত মডেল তৎকালীন সামাজিক চরিত্রে বেশ কিছু অনন্যতা যুক্ত করেছিলো। রবীন্দ্রনাথের কথায় যা, "রাশিয়ায় একেবারে গোড়া ঘেঁষে এই সমস্যা সমাধান করবার চেষ্টা চলছে। তার শেষ ফলের কথা এখনো বিচার করবার সময় হয় নি, কিন্তু আপাতত যা চোখে পড়ছে তা দেখে আশ্চর্য হচ্ছি। আমাদের সকল সমস্যার সব চেয়ে বড়ো রাস্তা হচ্ছে শিক্ষা। এতকাল সমাজের অধিকাংশ লোক শিক্ষার পূর্ণ সুযোগ থেকে বঞ্চিত-- ভারতবর্ষ তো প্রায় সম্পূর্ণই বঞ্চিত। এখানে সেই শিক্ষা যে কী আশ্চর্য উদ্যমে সমাজের সর্বত্র ব্যাপ্ত হচ্ছে তা দেখলে বিস্মিত হতে হয়। শিক্ষার পরিমাণ শুধু সংখ্যায় নয়, তার সম্পূর্ণতায়, তার প্রবলতায়। কোনো মানুষই যাতে নিঃসহায় ও নিষ্কর্মা হয়ে না থাকে এজন্যে কী প্রচুর আয়োজন ও কী বিপুল উদ্যম। শুধু শ্বেত-রাশিয়ার জন্যে নয়-- মধ্য-এশিয়ার অর্ধসভ্য জাতের মধ্যেও এরা বন্যার মতো বেগে শিক্ষা বিস্তার করে চলেছে; সায়েন্সের শেষ-ফসল পর্যন্ত যাতে তারা পায় এইজন্যে প্রয়াসের অন্ত নেই। এখানে থিয়েটারে ভালো ভালো অপেরা ও বড়ো বড়ো নাটকের অভিনয়ে বিষম ভিড়, কিন্তু যারা দেখছে তারা কৃষি ও কর্মীদের দলের। কোথাও এদের অপমান নেই। ইতিমধ্যে এদের যে দুই-একটা প্রতিষ্ঠান দেখলুম সর্বত্রই লক্ষ্য করেছি এদের চিত্তের জাগরণ এবং আত্মমর্যাদার আনন্দ।" সোভিয়েত সমাজতান্ত্রিক মডেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দুটি বৈশিষ্ট্য চিত্তের জাগরণ ও আত্মমর্যাদার আনন্দ। এই দুই বৈশিষ্ট্যকে সমাজে ধারণ করতে রাষ্ট্রের সম্পূর্ণ উদ্যোগ। এই দুই বৈশিষ্ট্যের মাধ্যমেই মানবতাকে এক অনন্য পর্যায়ে নিয়ে যাওয়া। আজকের প্রজন্ম এই দুই বৈশিষ্ট্যই হাতড়ে বেড়াচ্ছে। পুঁজিবাদের কঙ্কালসার, সর্বগ্রাসী, বর্বর, বিকৃত, পশ্চাদগামী ব্যবস্থার বিরুদ্ধে সমাজতান্ত্রিক ব্যবস্থার দিকে এগোতে চাইছে। প্রগতির এই চির আবহমান যাত্রায় নক্ষত্রমালার মতো জ্বলতে থাকবে সোভিয়েত সমাজতন্ত্রের শিক্ষা, দিকনির্দেশ, উদ্দেশ্য, কাঠামো, সীমাবদ্ধতাও। জাগাবে, জাগিয়ে রাখবে প্রজন্মের পর প্রজন্মকে আরেকটু ভালোভাবে বাঁচার তাগিদে। প্রকাশের তারিখ: ১০-নভেম্বর-২০২৬ |
© কপিরাইট ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, সর্বস্বত্ব সংরক্ষিত ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি
|