সিপিআই(এম), পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মহম্মদ সেলিমের বিবৃতি

Webdesk
আক্রান্তদের পাশে থাকুন, যে কোন ধরনের গণতান্ত্রিক অধিকারের উপর আক্রমণ প্রতিহত করতে ও রাজ্যের শান্তি সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে এগিয়ে আসুন।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। তৃণমূল কংগ্রেসের সীমাহীন দুর্নীতি ও অপশাসনের বিরূদ্ধে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজেপি সরকার গঠন করতে চলেছে।

সরকার এখনও গঠন না হলেও ফলাফল প্রকাশের অব্যবহিত পরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বি জে পি মদতপুষ্ট দুষ্কৃতীরা সাধারণ মানুষের উপর জীবন-জীবিকার ওপর হামলা আক্রমণ শুরু করেছে। বিজেপি নেতারা এ ধরনের ঘটনা সম্পর্কে কিছু মৌখিক বিবৃতি দিয়ে ক্ষান্ত থাকছেন। মুর্শিদাবাদের জিয়াগঞ্জে রাতের অন্ধকারে লেনিন মূর্তি সহ একাধিক স্থানে সর্বজন শ্রদ্ধেয় প্রয়াত কমিউনিস্ট নেতৃবৃন্দের মূর্তি, প্রতিকৃতির উপর হামলা, পার্টি সংগঠকদের উপর আক্রমণ ও পার্টি দপ্তরের দখল নিতে গেছে ২০১১ সালে ফল প্রকাশের পর তৃণমূলী সংস্কৃতির পথ অনুসরণ করেই। একাজে রাতারাতি রাজনৈতিক রং বদলানো কিছু তৃণমূলী দুষ্কৃতীদের অগ্রণী ভূমিকায় দেখা যাচ্ছে।

অভিজ্ঞতা হল, সর্বত্র সাধারণ মানুষ সহ পার্টি কর্মীরা প্রতিবাদে নেমেছেন, প্রতিহত করেছেন। সারা দেশের অভিজ্ঞতায় আমরা জানি বি জে পি একটি স্বৈরাচারী ও গণতন্ত্রবিরোধী দল। ফ্যাসিস্ট আরএসএস এদের নেতৃত্ব দেয়। উগ্র হিন্দুত্ববাদী বুলডোজার রাজনীতির নির্লজ্জ বহিঃপ্রকাশ এ রাজ্যেও শুরু হয়েছে। ঘৃণার মতাদর্শের দ্বারা চালিত হয়ে ইতিমধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের বাসস্থান, উপাসনালয়, খাদ্যাভ্যাসের উপর আক্রমণের ঘটনা ঘটেছে।

এ রাজ্যের পার্টি সমর্থক দরদী সহ বাম, গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ মানুষের কাছে আবেদন রাখছি - আক্রান্তদের পাশে থাকুন, যে কোন ধরনের গণতান্ত্রিক অধিকারের উপর আক্রমণ প্রতিহত করতে ও রাজ্যের শান্তি সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে এগিয়ে আসুন।

৬ মে, ২০২৬

কলকাতা


প্রকাশের তারিখ: ০৬-মে-২০২৬

© কপিরাইট ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, সর্বস্বত্ব সংরক্ষিত

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি
৩১, আলিমুদ্দিন স্ট্রিট
মুজফ্ফ‌র আহমদ ভবন
কলকাতা - ৭০০০১৬

ফোন: ০৩৩ - ২২১৭৬৬৩৩, ২২১৭৬৬৩৪
www.cpimwestbengal.org