|
দিল্লি চলো- জনবিরোধী, স্বৈরাচারী, সাম্প্রদায়িক নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোল।Sukanta Kongar |
ভারতবর্ষের একটি বড় কোম্পানির সিইও- র বেতন বছরে ২০.৬৬ কোটি, অর্থাৎ মাসে ১.৭২ কোটি টাকা। বর্তমানে ভারতবর্ষে অধিকাংশ শ্রমিক মাসে ১০,০০০ টাকাও আয় করে না। ওই পরিমাণ টাকা এই ধরনের মজুরিপ্রাপ্ত শ্রমিকের ১,৭২০ মাসের মজুরির সমান- ঘৃণ্য বৈষম্য। |
| ভারতবর্ষে শ্রমিক শ্রেণীর সবচেয়ে বড় লড়াকু সংগঠন সি আই টি ইউ এর ডাকে আগামী ১-৩ ডিসেম্বর দিল্লিতে সংসদ অভিযান সফল করতে হবে। যে দাবিগুলির ভিত্তিতে এই কর্মসূচি সেগুলি হল- শ্রমিক বিরোধী ভয়ংকর শ্রম কোড বাতিল করতে হবে, এম জি এন আর ই জি এ (১০০ দিনের কাজ) ফিরিয়ে আনতে হবে, স্কীম ওয়ার্কারদের স্থায়ী করতে হবে, সেলফ এমপ্লয়েড সহ সমস্ত শ্রমিকদের মজুরি ন্যূনতম ৪২,০০০ টাকা করতে হবে, সকলের জন্য ২১,০০০ টাকা পেনশনের ব্যবস্থা করতে হবে। সমস্ত শূন্য পদ পূরণ করতে হবে- চুক্তি ভিত্তিক শ্রমিকদের স্থায়ী করতে হবে- সম কাজে সম বেতন দিতে হবে, শ্রমিকদের কাজের ক্ষেত্রে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, আদিবাসীদের জল, জমি, জঙ্গলের অধিকারকে ধ্বংস করা চলবে না। সারা বিশ্ব জুড়ে পুঁজিবাদের সংকট বাড়ছে। এই সংকট থেকে তারা মুক্ত হতে পারছে না, পারবে না। পুঁজিবাদী ব্যবস্থায় সংকট চিরস্থায়ী। ইউরোপ, আমেরিকা সহ সারা বিশ্বজুড়ে শ্রমিক শ্রেণীর আন্দোলন বাড়ছে। অনেক ক্ষেত্রে সেই আন্দোলন জঙ্গি আকার ধারণ করছে, আক্রমণ করেও তাকে দমানো যাচ্ছে না। বামপন্থীদের উত্থাপিত দাবিগুলি আজ সাধারণভাবে বিশ্বজুড়ে মানুষের মধ্যে ভীষণভাবে দানা বেঁধেছে। এমনকি বিভিন্ন দেশের নির্বাচনে এই ইসুগুলি সামনে আসছে। তাই পুঁজিপতিরা- যারা ভেবেছিল যে, শ্রমিক আন্দোলন শেষ- সমাজতন্ত্র বলে কিছু থাকবে না- আজকের আন্দোলনগুলি তাদের মুখের উপর যোগ্য জবাব। ভারতবর্ষে এখন ফ্যাসিবাদী চরিত্রের আরএসএস দ্বারা পরিচালিত বিজেপি সরকার চলছে। ভারতীয় জনতা দল ৯০ এর দশকে কংগ্রেসের চালু করা নয়া উদারনীতি লাগামহীনভাবে প্রয়োগ করে শ্রমিক শ্রেণী সহ সাধারণ মানুষের জীবনে তীব্র সংকট নামিয়ে এনেছে। ২৯ টি শ্রম আইন বাতিল করে ৪ টি শ্রম কোড চালু করেছে। মালিকেরা ‘সহজে ব্যবসা করার’ নাম করে এই আইনকে দ্রুত কার্যকরী করতে চাইছে। আর অন্যদিকে শ্রমিক শ্রেণী তার তীব্র বিরোধিতা করছে। নেকড়ের স্বাধীনতা মানে ছাগলের মৃত্যু। এই শ্রম কোডের মধ্যে দিয়ে কেন্দ্রীয় সরকার শ্রমিকদের মৃত্যু ঘন্টা বাজাতে চাইছে। নতুন করে ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন করা দুঃসাধ্য হয়ে যাবে, এমনকি পুরনো ইউনিয়নের রেজিস্ট্রেশন টিকিয়ে রাখা কঠিন হবে। যে ২৯ টি শ্রম আইন বাতিল করা হয়েছে সেই আইনের যে ভালো দিকগুলি ছিল সেগুলি মালিক শ্রেণী শ্রমিকদের দয়া করে দেয়নি। অনেক লড়াই করেই সেগুলি শ্রমিক শ্রেণীকে আদায় করতে হয়েছে। শ্রম কোডে বেশ কিছু ভালো ভালো কথা আছে। কিন্তু এই আইনে এমন বিষয় আছে- যাতে অধিকাংশ শ্রমিকই শ্রমিক হিসেবে স্বীকৃতি পাবে না। মালিকেরা চায় স্থায়ী শ্রমিক বিষয়টি ইতিহাসের পাতায় থেকে যাক- বাস্তব থেকে উঠে যাক। এই আইন বলে ওরা চাইছে ‘হায়ার এন্ড ফায়ার’ অর্থাৎ যখন ইচ্ছা কাজে নেব, আর যখন ইচ্ছা তাড়িয়ে দেবো। স্থায়ী চরিত্রের কাজ করানো হবে অস্থায়ী, ঠিকা, চুক্তিভিত্তিক শ্রমিক দিয়ে- স্থায়ী শ্রমিকের তুলনায় অর্ধেক বা সিকি বেতনে। পিএফ- গ্র্যাচুইটি থাকবে না, পেনশন থাকবে না। একই বেতনে দৈনিক কাজের ঘন্টার কোন সীমা থাকবে না। দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণী যে অধিকারগুলি অর্জন করেছিল, সেগুলি কেড়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ![]() বর্তমান কেন্দ্রের বিজেপি সরকার এম জি এন আর ই জি এ (১০০ দিনের কাজ) প্রকল্প বাতিল করে চালু করেছে ভি বি জি রামজি প্রকল্প। মনে রাখতে হবে যে, ২০০৪ সালে বামপন্থী দলগুলির সাংসদ সংখ্যা ৬১ হওয়া এবং কোন রাজনৈতিক দল বা জোট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার কারণে বামপন্থীরা মন্ত্রিত্ব না নিয়ে বাইরে থেকে কয়েকটি শর্তে কংগ্রেসকে সমর্থন করে বিজেপিকে আটকানোর জন্য। সেই শর্তের অন্যতম হলো এই প্রকল্পটি। এই প্রকল্পটি গ্রামীণ অর্থনীতিতে ভালো প্রভাব ফেলে। পূর্বের প্রকল্পটি আইন বলে ছিল একটি নিশ্চয়তা প্রকল্প- এখন তা তুলে দেওয়া হয়েছে। আগে ছিল কেন্দ্রীয় সরকার দেবে ১০০% টাকা, এখন করা হয়েছে রাজ্য সরকারগুলিকে দিতে হবে ৪০% টাকা। এই প্রকল্পটিকে কেন্দ্রীয় সরকার কার্যত তুলে দিতে চায়। এর ফল হবে মারাত্মক। এর প্রভাব শুধু গ্রামাঞ্চলে পড়বে না। গ্রামাঞ্চলের দরিদ্র মানুষ কাজ হারা হয়ে শহরে ছুটবে, অন্য রাজ্যে ছুটবে। শহরের কাজের বাজারেও প্রতিযোগিতা বাড়বে। আশা, আই সি ডি এস, মিড ডে মিল কর্মীদের স্থায়ী করতে হবে এবং তাদের ন্যূনতম মজুরি দিতে হবে- ই এস আই এবং ই পি এফ এর সুবিধার মধ্যে তাদের আনতে হবে। এটা সরকারের কাছে দয়া চাওয়া হচ্ছে না। আজ থেকে ১০ বছরেরও বেশি আগে ৪৫ তম এবং ৪৬ তম ইন্ডিয়ান লেবার কনফারেন্সের এটাই হল সুপারিশ। এই কর্মীদের প্রায় সকলেই মহিলা। এরা সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। অথচ তারা ভীষণভাবে বঞ্চিত। বছরে ২ কোটি বেকারের চাকরি দেওয়ায় প্রতিশ্রুতি দিয়ে ভোটে জিতে কেন্দ্রের বিজেপি সরকার এখন সম্পূর্ণভাবে উল্টো পথে হাঁটছে। সরকারের দেওয়া হিসেব অনুযায়ী কেন্দ্রীয় সরকারি দপ্তরে শূন্য পদের সংখ্যা ২০১৫ সালে ছিলো ৪ লাখ ২১ হাজার, ২০২৪ সালে তা প্রায় দ্বিগুণ হয়ে হয়েছে ৮ লাখ ২৪ হাজার। প্রতিরক্ষার (সিভিল) ক্ষেত্রে এখন শূন্য পদের সংখ্যা ২ লাখ ৪২ হাজার। সরকারি দপ্তরে চুক্তির ভিত্তিতে নিয়োগ বাড়ছে। এমনকি দেশ রক্ষা করবে যে সেনা বাহিনী, সেখানেও নিয়োগ করা হচ্ছে চুক্তি ভিত্তিক। অথচ এরাই দেশপ্রেমের বড় বড় কথা বলছে। ন্যূনতম মজুরি কম করে ৪২০০০ টাকা করতে হবে এবং সমস্ত ক্ষেত্রে পেনশন কম করে ২১ হাজার টাকা করতে হবে। আসলে পুঁজিবাদ শুধু শ্রমিকদের শোষণ করে না, তারা সমাজে এমন একটি মনোভাব গড়ে তোলে যে, শ্রমিকদের পরিবার নিয়ে ভালোভাবে বেঁচে থাকার অধিকার নেই। তারা সমাজকে বোঝানোর চেষ্টা করে যে এই দাবি অত্যন্ত অন্যায়। ভুলিয়ে দিতে চায় যে- মেহনতি মানুষই সম্পদ তৈরি করে, অথচ তারাই সবকিছু থেকে বঞ্চিত হয়। এই দাবি তাদের ন্যায্য দাবি। ভারতবর্ষের একটি বড় কোম্পানির সিইও- র বেতন বছরে ২০.৬৬ কোটি, অর্থাৎ মাসে ১.৭২ কোটি টাকা। বর্তমানে ভারতবর্ষে অধিকাংশ শ্রমিক মাসে ১০,০০০ টাকাও আয় করে না। ওই পরিমাণ টাকা এই ধরনের মজুরিপ্রাপ্ত শ্রমিকের ১,৭২০ মাসের মজুরির সমান- ঘৃণ্য বৈষম্য। শ্রমিকেরা শুধু অর্থনৈতিকভাবে বৈষম্যের শিকার নয়, তাদের কর্মস্থলের যে নিরাপত্তা থাকা দরকার সেই নিরাপত্তাও থাকে না। এ ব্যাপারে অধিকাংশ মালিকই উদাসীন, কারণ তাদের কাছে শ্রমিকের জীবনের কোন দাম নেই, তাদের একমাত্র লক্ষ্য হলো মুনাফা। এক্ষেত্রে সরকারও তাদের যথাযোগ্য ভূমিকা পালন করে না। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুসারে ২০২৪ সালে কারখানায় এবং মেশিনে দুর্ঘটনায় ৬৬০ জন শ্রমিকের জীবন গেছে। এর বাইরেও প্রতিবছর শত শত শ্রমিকের জীবন চলে যায়। দেশের অনেক শ্রমিককে অত্যন্ত নক্কারজনক পরিবেশের মধ্যে কাজ করতে হয়। উন্নয়নের নাম করে দেশের আদিবাসীদের জল, জমি, জঙ্গলের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। সর্বশেষ সরকারি তথ্য অনুসারে ১৯৫১ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত ৮৫.৪০ লাখ আদিবাসীকে তাদের এলাকা থেকে উচ্ছেদ করা হয়েছে। আদিবাসীরা ভারতবর্ষের জনসংখ্যার মাত্র ৮.৪%, কিন্তু উচ্ছেদ হওয়া পরিবারের মধ্যে ৪১% আদিবাসী। বৈষম্য, অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে শ্রমিক শ্রেণীর ক্ষোভ বাড়ছে, আন্দোলন গড়ে উঠছে। নির্মম অত্যাচারের শিকার হয়ে ক্ষোভে ফুটতে ফুটতে উত্তর ভারতের নয়ডা এবং তৎসংলগ্ন এলাকায় কোন শক্তিশালী ইউনিয়ন না থাকা সত্ত্বেও শ্রমিকদের জঙ্গি আন্দোলন গড়ে উঠেছে। এই আন্দোলনকে ভাঙ্গার জন্য নির্মম অত্যাচার চালানো হয়েছে। যেখানেই ন্যায়সঙ্গত আন্দোলন গড়ে উঠছে সেখানেই কেন্দ্রের বিজেপি সরকার তাদের দেশবিরোধী, জঙ্গি, পাকিস্তানের সঙ্গে যোগাযোগকারী ইত্যাদি বদনাম দিয়ে আন্দোলনকে ভাঙ্গার চেষ্টা করছে। আরএসএস ব্রিটিশ আমলে মুসলিম মৌলবাদীদের সঙ্গে পাল্লা দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামকে দুর্বল করেছে। অথচ তারাই দেশপ্রেমের গল্প শোনাচ্ছে। নিপীড়িত, বঞ্চিত, নিষ্পেষিত শ্রমিক শ্রেণীর জন্য যারা লড়াই করে তারাই প্রকৃত দেশপ্রেমিক। ভারতবর্ষে প্রায় ৮০ ভাগ মানুষ ধর্মের দিক থেকে হিন্দু। বিজেপি পুঁজিবাদী- জমিদারি শোষণের ব্যবস্থাকে গোপন করে সংখ্যালঘু মুসলিম ও খ্রিস্টানদের শত্রু খাড়া করে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে হিন্দুদের জনসমর্থন পাওয়ার চেষ্টা করছে। বিজেপি নিজেদের হিন্দুদের পার্টি হিসেবে প্রচার করছে। ওরা কোন হিন্দুদের পাটি? খেতমজুর, রিক্সাওয়ালা, মুটিয়া মজদুর, রাজমিস্ত্রির মধ্যে হিন্দু আছে, আবার আদানি- আম্বানিও হিন্দু। বিজেপি কি হিন্দুদের জন্য কম পয়সায় জিনিসের ব্যবস্থা করে, হিন্দু শ্রমিকরা কি বাড়তি মজুরি পায়, হিন্দু শ্রমিকদের কি ছাঁটাই করা হয় না, হিন্দু কৃষকেরা কি ফসলের দাম বেশি পায়- কম পয়সায় সার পায়? আসলে বিজেপি পুঁজিপতি- জমিদারদের দল। এই আমলে তাদের মুনাফা লাফিয়ে লাফিয়ে বেড়েছে। এসেল গোষ্টি জিটিভির প্রতিষ্ঠাতা সুভাষচন্দ্রের বকেয়া ঋণ ছিল ২২,০০৬.৫৭ কোটি টাকা। তিনি পরিশোধ করবেন মাত্র ৬.২৫ কোটি টাকা, বাকিটা ছাড় করে দেওয়া হয়েছে। বৃহৎ ধনীদের হাজার হাজার কোটি টাকা ঋণ মুকুব করা হয়েছে। অথচ কৃষক বা ছোট ব্যবসাদারদের ঋণ মুকুব করা হয় না। বামপন্থীরা দীর্ঘদিন ধরে যে অভিযোগ করে এসেছে সেই অভিযোগ কার্যত ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বীকার করে নিয়েছেন। তিনি বণিক সভায় বলেছেন- আপনাদের কর্পোরেট কর আমি ৩০% থেকে ২২% করে দিয়েছি, আপনাদের আয়কর কমিয়ে দিয়েছি- আপনারা শ্রমিকদের কি মজুরি বাড়িয়েছেন, আপনারা কি নতুন নিয়োগ করছেন? আসলে উনি সবই জানেন। শ্রমিকদের বিক্ষোভ দেখে ভয় পেয়ে তিনি নিজেকে এর থেকে আড়াল করার চেষ্টা করছেন। হিন্দু মৌলবাদী- সাম্প্রদায়িক শক্তি ও মুসলিম মৌলবাদী- সাম্প্রদায়িক শক্তি তারা একে অপরের বন্ধু। বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু মানুষের উপর যখন সেখানকার মুসলিম মৌলবাদীরা আক্রমণ করে তখন ভারতবর্ষে মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা তৈরি করা আরএসএসের পক্ষে সহজ হয়। আসলে তাদের উভয়েরই লক্ষ্য হলো শোষণের এই সমাজ ব্যবস্থাটাকে টিকিয়ে রাখা। তার জন্য তারা শ্রমজীবী মানুষের মধ্যে বিভাজন তৈরি করে শ্রমজীবী মানুষের আন্দোলনকে ধ্বংস করতে চায়। শ্রমিক শ্রেণীকে শ্রেণি দৃষ্টিভঙ্গি থেকে সাম্প্রদায়িক শক্তিকে বুঝতে হবে। শ্রমিক শ্রেণীর কাছে লড়াই করা ছাড়া আর কোন রাস্তা নেই। শ্রমিক শ্রেণীর মুক্তি শ্রমিক শ্রেণীকেই আনতে হবে। অন্য কেউ করে দেবে না। সি আই টি ইউ এর গঠনতন্ত্রের ৩(ক) ধারায় বলা হয়েছে “সি আই টি ইউ বিশ্বাস করে উৎপাদনের, বন্টনের এবং বিনিময়ের সমস্ত উপায়সমূহের সামাজিকীকরণ ও সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠার মধ্য দিয়ে শ্রমিক শ্রেণীর উপর থেকে শোষণের অবসান ঘটতে পারে।” মার্ক্স বলেছেন- শ্রমিক শ্রেণী সংখ্যায় বেশি, কিন্তু তাদের ঐক্যবদ্ধ করতে হবে এবং চেতনা দ্বারা সমৃদ্ধ করতে হবে। লড়াই, সংগ্রাম, শ্রেণী সংগ্রাম হলো একমাত্র রাস্তা। এই লড়াইয়ে অন্যান্য শ্রমজীবী অংশ যথা- খেতমজুর, কৃষককে ঐক্যবদ্ধ করে লড়াই চালিয়ে যেতে হবে। মেহনতি মানুষের জয় হবেই। প্রকাশের তারিখ: ২৯-নভেম্বর-২০২৬ |
© কপিরাইট ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, সর্বস্বত্ব সংরক্ষিত ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি
|