|
সাম্প্রদায়িকতা ও ফ্যাসিবাদঃ রবীন্দ্রনাথ কী ভেবেছিলেন?Unknown |
২৫ শে বৈশাখ ১৪২৮ (৯ মে ২০২১)রবিবার...
১৯১৬ সালে আমেরিকায় সফররত রবীন্দ্রনাথ যখন শান্তিনিকেতনে অনুপস্থিত তখন কারো উদ্যোগে হিন্দুমহাসভা একটি ম্যাজিকলণ্ঠন প্রদর্শনী করে। ‘আইটি সেলে’র বহু আগেই হিন্দুত্ববাদীদের প্রচারযন্ত্র কত তৎপর ছিল তার প্রমাণ, সেই প্রদর্শনীতে ফলাও করে হিন্দুদের ওপর মুসলিমদের অত্যাচারের অনেক নিদর্শন(?) দেখানোর পরে সরাসরি মুসলিমনিধনের আহ্বান জানানো হয়। উপস্থিত সুসংস্কৃত প্রাজ্ঞ ব্যক্তিরা শুধু যে কোনো প্রতিবাদ করেননি তাই নয়, দৃশ্যগুলির সত্যতা নিয়ে তাঁদের কোনো সংশয় ছিল না। জানিয়েছেন রবীন্দ্রনাথের বিশেষ স্নেহের পাত্র কবি-লোকগবেষক জসিমউদ্দিন, যিনি তখন শান্তিনিকেতনে বন্ধুদের সঙ্গে সময় কাটাতে গিয়েছিলেন।
এরই সুযোগ নিতে তিনি দেখেছিলেন ইউরোপের ফ্যাসিবাদকে। ‘একের অনলে বহুরে আহুতি’ দেবার স্বকীয় কাব্যিক উচ্চারণসত্ত্বেও তাঁর মনে এই আশঙ্কা ছিল যে পাশ্চাত্য জাতীয়তাবাদের দখলদারি আদল আকৃষ্ট করবে পরাধীন দেশের সেই শ্রেণিগুলিকে যারা বহু শতক ধরে সামাজিক ক্ষমতায় আসীন, ইংরেজ আমলেও যারা সুবিধাভোগী; তা বিপন্ন করবে আমাদের বহুত্বের দীর্ঘ ঐতিহ্যকে। শুধু ইংরেজের কারসাজিতে নয়, সমাজ-অভ্যন্তরের ‘কলুষে’র কারণেই ধর্মেরও একটি ভয়ংকর বিভাজনমূলক ভূমিকা যে সেখানে থাকা সম্ভব, তারও অনেক ইঙ্গিত বিশ শতকের কুড়ি ও ত্রিশের দশক জুড়ে কবি পেয়েছিলেন। তিনি দেখে যাননি ইউরোপে ফ্যাসিবাদের পরাজয় এবং সাম্রাজ্যবাদের অধীন দেশগুলির সার্বভৌমত্ব অর্জন, তিনি দেখে যাননি দেশভাগের ক্ষতে রক্তাক্ত স্বাধীন ভারতীয় প্রজাতন্ত্র, তিনি দেখে যাননি গদিয়ানদের বিরুদ্ধতা ও চক্রান্তের জাল ছিঁড়ে ভারতীয় জনগণ নিজেদেরই উপহার দিচ্ছে নিজস্ব এক সমতার সংবিধান। কিন্তু তাঁর এই আশঙ্কা অমূলক ছিল না যে বিপদটা শুধু বাইরের নয়, গদিয়ানের ক্ষমতালিপ্সা আমাদের ভিতরের অন্ধকারকে উশকে দিতেই থাকে, তাকে ঘিরে ধর্ম ও জাতিবাদ মারাত্মক সম্মোহ সৃষ্টি করে, ফ্যাসিবাদের সৃষ্টিও তারই থেকে। সত্তর বছরের স্বাধীনতার উত্তরাধিকার সত্ত্বেও ক্ষমতার চূড়ান্ত কেন্দ্রীকরণ যখন দেশকে আবার সাম্রাজ্যবাদী অক্ষের অতলে আকর্ষণ করছে তখনও যুগান্তর থেকে কবির কণ্ঠস্বর স্বাধীন মহিমায় আমাদের এই অন্ধ আত্মসন্তুষ্টিকে কাঁপিয়ে দেয় যে আমাদের সংস্কৃতিই আমাদের রক্ষা করবে। ![]() প্রকাশের তারিখ: ০৯-মে-২০২১ |
© কপিরাইট ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, সর্বস্বত্ব সংরক্ষিত ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি
|